ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের (আইএসআরটি) ৩২তম ব্যাচের নবীন বরণ এবং ২৭তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।
অনুষ্ঠানে নবীনদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ ও শুভকামনা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. জাহিদা গুলশানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ড. সৈয়দ শাহাদৎ হোসেন। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মোহাইমেন মনসুর স্বাগত বক্তব্য দেন। নবীন শিক্ষার্থীদের পক্ষে মিহাদ হোসেন এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে দেলোয়ার হোসেন শিপন অনুভূতি প্রকাশ করেন।
আয়োজকরা জানান, নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো এবং বিদায়ী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, অত্যন্ত প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এই সুযোগের সঙ্গে তাদের দায়িত্বও অনেক বেড়েছে।
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু অ্যাকাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; শারীরিক ও মানসিক সুস্থতার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, সংগঠন ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনকে জ্ঞান, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ অর্জনের একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবেও উল্লেখ করেন তিনি।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, ইনস্টিটিউট থেকে অর্জিত জ্ঞান, গবেষণা দক্ষতা ও অভিজ্ঞতাকে কর্মক্ষেত্রে যথাযথভাবে কাজে লাগাতে হবে। একই সঙ্গে অ্যালামনাই হিসেবে বিভাগের সঙ্গে যোগাযোগ বজায় রেখে ভবিষ্যৎ শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এজেডআর/বিআরইউ
