তরুণদের উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিনির্ভর গবেষণায় বাংলাদেশকে বিশ্ব মঞ্চে প্রযুক্তির শীর্ষ চূড়ায় পৌঁছে দেওয়ার আশাবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জেএনইউ এআই অ্যান্ড আইটি ফেস্ট ২০২৬’। আগামী ৩০ আগস্ট দিনব্যাপী এই উৎসব বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের গ্রাউন্ড ফ্লোর এবং কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় জবি আইটি সোসাইটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩০ আগস্ট দিনব্যাপী এই উৎসব বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের গ্রাউন্ড ফ্লোর এবং কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৫ আগস্টের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকরা জানান, প্রথমবার আয়োজিত এই মেগা ইভেন্টটি তরুণ প্রযুক্তি প্রতিভাদের নিজেদের উদ্ভাবন তুলে ধরা এবং ইন্ডাস্ট্রির শীর্ষ বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এক অনন্য প্ল্যাটফর্ম। সারাদেশে ছড়িয়ে থাকা তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করতে এই উৎসবে থাকছে ওয়েব, অ্যাপ ও এআই প্রজেক্টের প্রদর্শনী ‘ব্রেইনচাইল্ড সিজন ২ দশমিক ০’, এআইভিত্তিক বিজ্ঞাপন তৈরির প্রতিযোগিতা ‘এআই অ্যাড-ভেঞ্চার’, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ‘এআই অ্যান্ড আইটি অলিম্পিয়াড’ এবং কারিগরি সেবার জন্য ‘টেককেয়ার জোন’। এ ছাড়া, দেশসেরা প্রযুক্তি বিশেষজ্ঞদের অংশগ্রহণে থাকছে ‘টেক আনকাট’ নামের বিশেষ কনফারেন্স।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে উৎসবের নানা সম্ভাবনার দিক উপস্থাপন করে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, প্রথম আয়োজনের এই ফেস্ট তরুণদের নতুন চিন্তাধারা ও প্রযুক্তিগত সম্ভাবনাকে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত জবি আইটি সোসাইটির কার্যনির্বাহী সদস্য রাকিবুল ইসলাম জানান, জবির ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আইটি ফেস্ট। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম পুরো বাংলাদেশে আবারও ছড়িয়ে যাবে এই ফেস্টের মাধ্যমে। সবার সহযোগিতা কামনা করছি।
সংবাদ সম্মেলনে জবি আইটি সোসাইটির সভাপতি ইমাম হাসান, দপ্তর সম্পাদক মো. শাহরিয়ার জুবায়ের ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসএএস
