স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সামার-২০২৬ সেমিস্টারের ৮৭তম ব্যাচের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানটি দুই পর্বে বেলা ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শরীফ নাফে আস্-সাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজা উদ্দিন স্টালিন এবং ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ফারজানা ফিরোজ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক বলেন, উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য শুধু একটি সনদ অর্জন নয়; বরং জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা। নতুন প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি মানবিক মূল্যবোধ, মুক্তচিন্তা ও দেশপ্রেম ধারণ করতে হবে।
তিনি বলেন, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানকার শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবে এটাই প্রত্যাশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজা উদ্দিন স্টালিন বলেন, শিক্ষার সঙ্গে সংস্কৃতির একটি গভীর সম্পর্ক রয়েছে। একজন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে সংস্কৃতিচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্টামফোর্ডের শিক্ষার্থীদের এমন একটি সুন্দর সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ প্রশংসনীয়।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ফারহানাজ ফিরোজ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রম করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকদের সহযোগিতায় তোমরা নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আমরা বিশ্বাস করি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. শরীফ নাফে আস-সাবের নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মধ্য দিয়ে তোমাদের জীবনের একটি নতুন যাত্রা শুরু হলো। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা, মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্ব দেয়। বর্তমান বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়। শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, গবেষণামনস্কতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। তোমরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সামার-২০২৬ সেমিস্টারের ৮৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, নিয়মকানুন, সুযোগ-সুবিধা এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। নাচ, গানসহ বিভিন্ন পরিবেশনায় মুখর হয়ে ওঠে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা। নবীন শিক্ষার্থীরাও উৎসবমুখর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
দিনব্যাপী এ আয়োজনে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সামার-২০২৬ সেমিস্টারের ৮৭তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে শেষ হয় ফ্রেশম্যান ওরিয়েন্টেশন-২০২৬।
এমএমএইচ/আরএফ
