বিজ্ঞাপন

নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারে প্রক্টরের কাছে ডাকসুর স্মারকলিপি

নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারে প্রক্টরের কাছে ডাকসুর স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দিন-রাত নির্বিঘ্নে চলাচলের পরিবেশ তৈরির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডাকসুর কার্যনির্বাহী সদস্য ও সিনেট সদস্য সাবিকুন নাহার তামান্না এবং কার্যনির্বাহী সদস্য আফসানা আক্তার প্রক্টরের কাছে এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বলা হয়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অপর্যাপ্ত আলোক ব্যবস্থা, বহিরাগত ও ভবঘুরেদের অবাধ বিচরণ এবং পর্যাপ্ত নজরদারির অভাব নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আবাসিক হলগুলোর আশপাশে সন্ধ্যা ও রাতের সময় চলাচলের ক্ষেত্রে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতা অনুভব করছেন বলে উল্লেখ করা হয়।

ডাকসুর পক্ষ থেকে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চারটি বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

দাবিগুলো হলো- শামসুন নাহার হল ও রোকেয়া হলের সামনের যাত্রীছাউনি দ্রুত সংস্কার এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা; শামসুন নাহার হলের বাইরের গেটসংলগ্ন নষ্ট লাইটগুলো দ্রুত মেরামত ও প্রয়োজন হলে নতুন লাইট স্থাপন করা; কবি সুফিয়া কামাল হল ওভারব্রিজ সংলগ্ন এলাকায় বহিরাগতদের আড্ডা ও উৎপাত নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা; সন্ধ্যা ও রাতে পুরো ক্যাম্পাস এবং আবাসিক হলগুলোর আশপাশে প্রক্টরিয়াল টিমের টহল বৃদ্ধি করা।

স্মারকলিপিতে আরও বলা হয়, একজন শিক্ষার্থী যেন দিনের ও রাতের যেকোনো সময় নিরাপদে এবং নির্বিঘ্নে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলাচল করতে পারেন, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা গাফিলতির সুযোগ নেই।

ডাকসু প্রতিনিধিরা বলেন, নিরাপদ ক্যাম্পাস শিক্ষার পরিবেশের একটি মৌলিক শর্ত। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে তাদের অ্যাকাডেমিক, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাধাগ্রস্ত হতে পারে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এজেডআর/আরএফ