রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষকের বিষয় খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যানসেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন এবং আইন অনুষদের ডিন।
কমিটিকে সংশ্লিষ্ট শিক্ষকদের সার্বিক বিষয় খতিয়ে দেখে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, কমিটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।
জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগ তোলা হয়।
প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাদের মধ্যে ৫৮ জন শিক্ষকের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা গেছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে আরও কারও নাম শনাক্ত হলে কমিটি তাদের বিষয়ও তদন্তের আওতায় আনবে এবং প্রয়োজনীয় সুপারিশ দেবে।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত অভিযুক্ত শিক্ষকদের নাম প্রকাশ করেনি। একই সঙ্গে অভিযোগের প্রকৃতি, তথ্যের উৎস বা তদন্তের সময়সীমা সম্পর্কেও বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্যাম্পাসে শিক্ষক সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, অভিযোগের গুরুত্ব বিবেচনায় তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং প্রমাণভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করা জরুরি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
এজেডআর/এসএএস
