ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিনো-বাংলা ডে ২০২৬। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আগামী সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিএসসিতে এ আয়োজন চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে অংশ নিতে পারবেন। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছে ডাকসু।
ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আয়োজনে ৩০ থেকে ৪০টি চীনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মোট ৪৩০টি চাকরির পদ থাকবে। আগ্রহী চাকরিপ্রত্যাশীরা সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্টলে গিয়ে সিভি জমা দিতে পারবেন এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে চাকরির সুযোগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন।
আয়োজকরা জানান, জমা দেওয়া সিভির ভিত্তিতে প্রাথমিক বাছাই কার্যক্রমও পরিচালিত হবে। ফলে অংশগ্রহণকারীরা একই সঙ্গে চাকরির তথ্য পাওয়া এবং নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক ধাপে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
চাকরির সুযোগের পাশাপাশি সিনো-বাংলা ডে ২০২৬-এ থাকছে বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক বিনিময়ভিত্তিক নানা আয়োজন। অনুষ্ঠানে দুই দেশের যৌথ সাংস্কৃতিক পরিবেশনা, লায়ন ড্যান্স, তাই চি প্রদর্শনী এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এ ছাড়া দর্শনার্থীদের জন্য থাকছে China-Bangladesh Food Zone, যেখানে চীনা ও বাংলাদেশি বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার কেনা ও উপভোগ করার সুযোগ থাকবে।
অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ হিসেবে আয়োজন করা হয়েছে Sino-Bangla Friendship Scholarship & Bursary Award Ceremony । এতে চীনা ভাষা শিক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান করা হবে।
ডাকসুর সংশ্লিষ্ট সূত্র জানায়, এই আয়োজনের মাধ্যমে চাকরি, শিক্ষা, ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ আরও জোরদার হবে। একই সঙ্গে তরুণদের জন্য আন্তর্জাতিক কর্মসংস্থান ও উচ্চশিক্ষার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
চাকরি, শিক্ষা, সংস্কৃতি এবং দুই দেশের মানুষের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগকে কেন্দ্র করে সিনো-বাংলা ডে ২০২৬ শিক্ষার্থী ও তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা।
এজেডআর/এনটি
