বিজ্ঞাপন

ঢাবিতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস কর্মসূচি

ঢাবিতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ’ পরিবেশ সচেতনতা বৃদ্ধি, দেশীয় প্রজাতির গাছ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত করতে এ কর্মসূচির আয়োজন করে। উপাচার্যের বাসভবন সংলগ্ন মল চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

পরিবেশ সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সংকট মোকাবিলায় শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক উদ্যোগ সময়ের দাবি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিবেশবান্ধব চর্চা গড়ে উঠলে তা সমাজেও ইতিবাচক প্রভাব ফেলবে।

আলোচনা পর্ব শেষে মল চত্বরে একটি বৈলাম গাছ এবং উপাচার্যের বাসভবন চত্বরে একটি দেশীয় লটকন গাছের চারা রোপণ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ জানিয়েছে, বৃক্ষরোপণের পাশাপাশি ক্যাম্পাস পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে তারা ধারাবাহিক কর্মসূচি পরিচালনা করবে।

উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, ঢাকার ক্রমবর্ধমান বায়ু ও পরিবেশ দূষণ মোকাবিলায় দেশীয় প্রজাতির গাছ বেশি করে রোপণ করতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ ও ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিত উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি সবুজ ও পরিচ্ছন্ন আদর্শ ক্যাম্পাসে পরিণত করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া, অনুষ্ঠানে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম জুলফিকার আলী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসফাক আহমদ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী এবং পরিবেশ সংসদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এম আবু রাফি বক্তব্য দেন।

জেআই