গাজীপুরের বাহাদুরপুরে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান।
শুক্রবার (১৪ আগস্ট) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও প্রধান স্কাউট লিডার ড. মো. মুমিত আল রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্কাউট লিডার ও রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীর দীক্ষা গ্রহণ। দীক্ষার মাধ্যমে তিনি ওয়ার্ল্ড স্কাউট আন্দোলনের সদস্যপদ লাভ করেন।
এছাড়া, অনুষ্ঠানে সদ্য ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জনকারী ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের তিনজন রোভারকে সম্মাননা প্রদান করা হয় এবং তাদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা সহায়তা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এবারের তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান সেই কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানিয়েছে, বার্ষিক তাঁবুবাস কর্মসূচির মাধ্যমে রোভার সদস্যদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, সহনশীলতা, দলগত কাজের দক্ষতা এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও ব্যবহারিক কার্যক্রম পরিচালিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, রোভার স্কাউটিং শুধু একটি সহশিক্ষা কার্যক্রম নয়, এটি সেবার আদর্শ, নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনের একটি কার্যকর মাধ্যম। তিনি তরুণ রোভারদের সমাজ ও দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
তিনি বলেন, মানবিক সংকট, প্রাকৃতিক দুর্যোগ কিংবা সামাজিক সচেতনতামূলক কার্যক্রম- সবক্ষেত্রেই রোভার স্কাউটদের সক্রিয় অংশগ্রহণ দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া প্রয়োজন।
প্রো-ভাইস চ্যান্সেলর আরও বলেন, বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান রোভারদের দক্ষতা বৃদ্ধি, দলগত চেতনা, আত্মনির্ভরতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
জেআই
