ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে এবং দেশবন্ধু গ্রুপের সহযোগিতায় আয়োজিত ‘আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে আয়োজিত ফাইনাল ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিওও মো. ইদ্রিসুর রহমান, রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ফরায়েজী, ডাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম মানিক, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক নয়না চৌধুরী এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক শামসুল আলম। পুরো খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন ডাকসুর সদস্য ইমরান হোসাইন।
টুর্নামেন্টের ছেলেদের বিভাগের ফাইনালে ‘বিজয় একাত্তর হল’কে হারিয়ে ‘জগন্নাথ হল’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে, নারী শিক্ষার্থীদের বিভাগের ফাইনালে শামসুন্নাহার হল চ্যাম্পিয়ন এবং কবি সুফিয়া কামাল হল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
মাঠে খেলোয়াড়দের পাশাপাশি সমর্থকদের সরব উপস্থিতিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন হলের শিক্ষার্থীরা নিজ নিজ দলের সমর্থনে ব্যানার, স্লোগান ও করতালিতে মাঠ মাতিয়ে রাখেন। এছাড়া, ফাইনাল ঘিরে শিক্ষার্থীদের আগ্রহের কথা বিবেচনায় রেখে ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ডাকসুর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন বলেন, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, হলগুলোর মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা এবং একটি সুস্থ ও ইতিবাচক ক্যাম্পাস সংস্কৃতি গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণে আরও বড় পরিসরে বিভিন্ন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।
জেআই
