বিজ্ঞাপন

বেগম জিয়া ছিলেন সবার নেত্রী : জাবি উপাচার্য

বেগম জিয়া ছিলেন সবার নেত্রী : জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, ‘বেগম জিয়া ছিলেন সবার নেত্রী, যেমন ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি কম কথা বলতেন, তবে স্পষ্ট এবং প্রয়োজনীয় কথা বলতেন; যা কেবল দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। স্বামীহারা বেদনার কথা ভুলে গিয়েও তিনি সর্বদা দেশের মানুষের পাশে থেকেছেন।’

শনিবার (১৫ আগস্ট) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম,  জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরাম এবং জাবি ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রয়াত নেত্রীর আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যাপক ড. মাফরুহি সাত্তার বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক ও বর্ণিল জীবনের বিভিন্ন দিক স্মরণ করে দেশবাসীর কাছে তার রুহের মাগফেরাতের জন্য দোয়া চান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন (রুনু) এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধির জন্য মোনাজাত করা হয়।

এসএইচএ