বিজ্ঞাপন

১৭ আগস্ট শুরু

সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাকাডেমিক মাইগ্রেশনে অনলাইনে মতামতের সিদ্ধান্ত

সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাকাডেমিক মাইগ্রেশনে অনলাইনে মতামতের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাকাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে অফলাইনের পরিবর্তে অনলাইনে মতামত বা ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

একই সঙ্গে ১৬ আগস্টের বদলে ১৭ আগস্ট (সোমবার) থেকে পরবর্তী ৬০ ঘণ্টা ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে। সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পরীক্ষা, ফলাফল প্রকাশ ও সেশনজট নিরসনে পদক্ষেপ দ্বৈত পরীক্ষক পদ্ধতি চালু করা হবে।

শনিবার (১৭ আগস্ট) রাতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষার্থীদের সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করা এবং মতামত গ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করার লক্ষ্যে সরাসরি (অফলাইন) মতামত নেওয়ার পরিবর্তে অনলাইনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে বুধবার (১৯ আগস্ট) রাত ১০টা পর্যন্ত মোট ৬০ ঘণ্টা অনলাইনে ভোট গ্রহণ করা হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন।

ভোট প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজে পরীক্ষার সময় নিবন্ধিত ফোন নম্বরে ওটিপি (OTP) পাঠানো হবে। একটি ফোন নম্বর থেকে একটি ভোট দেওয়া যাবে। শিক্ষার্থীদের শনাক্তকরণ ও তথ্যের যথার্থতা নিশ্চিত করতে ভোট দেওয়ার সময় নাম, কলেজ, বিভাগ, শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন নম্বর, ফোন নম্বর ও জন্মতারিখসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে স্বাধীনভাবে নিজেদের মতামত বা ভোট প্রদানের আহ্বান জানানো হয়েছে। প্রাপ্ত মতামত যথাযথ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হবে। একই সঙ্গে সংগৃহীত তথ্য গোপনীয় রাখা হবে বলে জানানো হয়েছে।

এদিকে মাইগ্রেশন প্রক্রিয়া শেষে একটি যুগোপযোগী অনলাইন শিক্ষার্থী ব্যবস্থাপনা পদ্ধতি চূড়ান্ত করার কথা বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মাধ্যমে পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশসহ অ্যাকাডেমিক কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন সম্পূর্ণ সেশনজটমুক্ত করারও আশ্বাস দেওয়া হয়েছে।

এছাড়া ফলাফলে অসংগতি এড়াতে দ্বৈত পরীক্ষক পদ্ধতি চালুর কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পুরো প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শিক্ষার্থী, অধ্যক্ষ, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যলয়ের ওয়েবসাইটের মাধ্যমে মতামত জানাতে পারবে শিক্ষার্থীরা।

এমওএইচ/বিআরইউ