বিজ্ঞাপন

উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে ইডেন মহিলা কলেজে রিসার্চ সোসাইটির যাত্রা

উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে ইডেন মহিলা কলেজে রিসার্চ সোসাইটির যাত্রা

গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান অর্জনের স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভূমিকা রাখতে ইডেন মহিলা কলেজে যাত্রা শুরু করছে ইডেন মহিলা কলেজ রিসার্চ সোসাইটি (ইমসআরএস)।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১টার দিকে ইডেন মহিলা কলেজের অডিটোরিয়ামে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের উদ্বোধন ঘোষণা করা হয়। এসময় সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল 'ইডেন মহিলা কলেজে শিক্ষার্থীদের গবেষণার ভবিষ্যৎ গড়ে তোলা'। অনুষ্ঠানে শিক্ষার্থীদের গবেষণামুখী করা, উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা এবং অ্যাকাডেমিক জ্ঞানচর্চার প্রযুক্তির ব্যবহারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. আবদুস সালাম। ইডেন মহিলা কলেজ রিসার্চ সোসাইটির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীম আরা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহনাজ পারভীন এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. আফরোজা বেগম।

অনুষ্ঠানের কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুরুল করিম। সাদিয়া আক্তার এশার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইডেন মহিলা কলেজ রিসার্চ সোসাইটির সভাপতি কামরুন্নাহার হেনা। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ইডেন কলেজ রিসার্চ সোসাইটির শিক্ষার্থীদের গবেষণা করতে উদ্বুদ্ধ করবে। গবেষণা কাজে মেথডোলজি অনুসরণ করতে হবে। গবেষণার জন্য নতুন জ্ঞান সৃষ্টি, এমন গবেষণা করতে হবে যা দেশের মানুষের কাজে লাগবে এমন বিষয় লক্ষ্য রাখতে হবে। রাস্তার ট্রাফিকজ্যামসহ বিভিন্ন দিবস, ইতিহাস নিয়ে প্রাথমিকভাবে গবেষণা শুরুর পরামর্শ দেন তিনি।

নিজের গবেষণা কাজের ক্ষেত্র তুলে ধরে তিনি আরও বলেন, বর্তমান পৃথিবীতে এআই ব্যবহার করে খুব দ্রুত তথ্যের সংগ্রহের মাধ্যমে গবেষণা কাজ সহজতর করেছে। প্রযুক্তির সঙ্গে গবেষণার সংযোগ ঘটাতে হবে। দেশের সব বিশ্ববিদ্যালয় মিলে গবেষণা কাজ পরিচালনার জন্য প্রচেষ্টা চলছে বলে জানান তিনি।

আয়োজক জানান, ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের মধ্যে গবেষণার সংস্কৃতি গড়ে তোলা এবং ভবিষ্যৎ গবেষক তৈরির লক্ষ্যে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রিসার্চ সোসাইটি। গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও পেশাগত দক্ষতা বিকাশে ইমসআরএস একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে ইডেন কলেজ শিক্ষার্থীদের প্রত্যাশা।

এমওএইচ/এসএম