রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমারকে যৌন হয়রানি ও অ্যাকাডেমিক দুর্নীতির অভিযোগে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৮তম সভায় তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের পর বিষয়টি তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সিন্ডিকেট সভায় তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, প্রভাস কুমারের বিরুদ্ধে নারী হয়রানি ও প্রশ্ন ফাঁসের অভিযোগ ছিল। এসব অভিযোগ তদন্তে দুটি কমিটি গঠন করা হয়। যৌন নিপীড়ন সেলের মাধ্যমেও বিষয়টি তদন্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। পরে ১৩ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত বছরের ৪ আগস্ট অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে নিজ বিভাগের এক ছাত্রীকে চেম্বারে ডেকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত এবং কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ১৩ আগস্ট বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেন ওই শিক্ষার্থীর মা।
পরে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তদন্তের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকতর তদন্ত করে। গত বছরের ৯ সেপ্টেম্বর শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তাকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।
জুবায়ের জিসান/এমএমবি
