বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়

ফজলুল হক হলে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি

ফজলুল হক হলে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে রোববার রাতে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে গতকাল (১৬ আগস্ট) সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. শান্টু বড়ুয়া, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব এবং সহকারী প্রক্টর মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী। 

কমিটিতে ফজলুল হক মুসলিম হলের সহকারী আবাসিক শিক্ষক ড. মো. আল আমীন সিকদারকে সদস্য-সচিব করা হয়েছে।

এর আগে, ফজলুল হক মুসলিম হলের এক আবাসিক শিক্ষার্থীকে হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইলিয়াস আল মামুনের কক্ষে ডেকে প্রায় দেড় ঘণ্টা আটকে রেখে মানসিক হেনস্তা, ভয়ভীতি প্রদর্শন, মোবাইল ফোন জব্দ এবং জোরপূর্বক লিখিত বক্তব্যে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ওঠে। তবে, প্রভোস্ট অধ্যাপক ড. ইলিয়াস আল মামুন অভিযোগ অস্বীকার করেন। পরে প্রভোস্ট কার্যালয় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এজেডআর/এমএসএ