ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে লিথুয়ানিয়াসহ ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সৌরপ্রযুক্তি, বায়োটেকনোলজি, আইসিটি এবং পদার্থবিজ্ঞানে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন সংশ্লিষ্টরা।
সোমবার (১৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতে নিযুক্ত লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত মিস ডায়ানা মিকেভিসিয়েন। এ সময় তার সঙ্গে লিথুয়ানিয়ার দূতাবাসের ডেপুটি হেড অব মিশন লুকাস কিসিলিয়াস উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লিথুয়ানিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করে।
বৈঠকে সৌরপ্রযুক্তি, বায়োটেকনোলজি, আইসিটি ও পদার্থবিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় ক্ষেত্রে যৌথ গবেষণা পরিচালনার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। একইসঙ্গে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে একাডেমিক জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণার সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সফরের জন্য লিথুয়ানিয়ার রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। তিনি তরুণদের জন্য আরও উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক পরিসরে তাদের দক্ষতা বিকাশে দুই পক্ষকে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। একই সঙ্গে শিক্ষা ও গবেষণার পাশাপাশি জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া দুই দেশের মধ্যে কার্যকর গবেষণা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘ল্যাব টু ল্যাব’ কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্ব দেন উপাচার্য। তিনি লিথুয়ানিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি এবং বৃত্তি প্রদানের ক্ষেত্রেও রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।
এজেডআর/
