শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) ও কোষাধ্যক্ষ পদে নতুন দুজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির আগের প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের নিজ নিজ মূল পদে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।
প্রজ্ঞাপন অনুযায়ী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭-এর ১৩(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলামকে প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই আইনের ১৪(১) ধারা অনুযায়ী সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ মো. আতিকুল হককে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখ— এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত তাদের নিয়োগ বহাল থাকবে। দায়িত্ব পালনকালে তারা মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অন্যদিকে, পৃথক দুটি প্রজ্ঞাপনে সাস্টের আগের প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৮ সেপ্টেম্বর ২০২৪ সালের প্রজ্ঞাপন সংশোধন করে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সাজেদুল করিমকে প্রো-ভিসি পদ থেকে এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনকে কোষাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে তাদের নিজ নিজ মূল পদে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরএইচটি/এমএন
