ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট কর্তৃক শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় হল প্রভোস্টের দৃষ্টান্তমূলক শাস্তি, পদত্যাগের দাবি এবং ছাত্রদল কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিস গেটের সামনে মানববন্ধন করেছে। এ সময় উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলী, ক্যারিয়ার সম্পাদক মাজহারুল ইসলাম, মানবাধিকার সম্পাদক জাকারিয়া, বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দারসহ ডাকসুর বিভিন্ন হল নেতারা।
মানববন্ধনে ‘তদন্ত না মূলা’, ‘ছাত্র নিপীড়ন বন্ধ কর’, ‘ছাত্রদল কি সবসময় নিপীড়কের পক্ষে?’, ‘সিসিটিভি ফুটেজ প্রকাশ কর’, ‘বাহ ভিসি চমৎকার, নিপীড়কের পাহারাদার’, ‘১, ২, ৩, ৪, নিপীড়ক প্রভোস্ট গদি ছাড়’ ইত্যাদি প্লাকার্ড হাতে নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
মানববন্ধন ডাকসু সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলী বলেন, ‘ভিসিকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, আপনারা যেই ভাষা বুঝেন, আমরা সেই ভাষায় কথা বলতে জানি। আমরা চুপ করে আছি বলে এটা মনে করবেন না যে আমরা ভাষা ভুলে গেছি। জুলাইয়ের প্রজন্ম হাসিনারে তাড়াইছে, আপনার মতো সন্ত্রাসীদের জন্য কোনো টাইম এই শিক্ষার্থীদের কাছে নাই। আপনাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করব। আমার যদি নিঃশ্বাস থাকে, আমি যদি বেঁচে থাকি, আমি এটার বিচারের মুখোমুখি করবই করব, ইনশাআল্লাহ।’
পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, ‘হাসিনার আমলে প্রশাসন যেভাবে ছাত্রলীগকে সহযোগিতা করেছিল, এই নির্যাতক প্রভোস্ট মামুন তেমনিভাবে সিঙ্গেল গেস্টরুম নিয়ে শিক্ষার্থীদের টর্চার করছে। আমরা দেখেছি বুয়েটে আবরার ফাহাদকে কীভাবে অত্যাচার-নির্যাতন করে তাকে শহীদ করা হয়েছে। আমরা মনে করি, এভাবে যদি চলতে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই দিন ফিরে আসতে খুব বেশি দেরি হবে না। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত এই নির্যাতক প্রভোস্ট মামুনকে পদচ্যুত করা না হবে, যতক্ষণ তার সুস্পষ্ট বিচার নিশ্চিত করা না হবে, ততক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকে শুরু করে হল সংসদ নেতারা ও শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না করে তারা ঘরে ফিরবে না।’
ডাকসু ভিপি সাদিক কায়েম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে বলেন, টালবাহানা না করে দ্রুত সময়ের মধ্যে শাহবাগ থানায় যে ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা করেছে এবং এ এফ হলে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের ওপর যে ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা করেছে এবং যে প্রভোস্ট আমাদের শিক্ষার্থীকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেছে তাদের সবাইকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন সে অনুযায়ী বহিষ্কার করেন।
ডাকসু ভিপি সাদিক কায়েম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে বলেন, টালবাহানা না করে দ্রুত সময়ের মধ্যে শাহবাগ থানায় হামলার ঘটনায় জড়িত ছাত্রদলের সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসুন। এ এফ হলে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলার ঘটনায় জড়িত ছাত্রদলের সন্ত্রাসীদেরও দ্রুত আইনের আওতায় আনুন। যে প্রভোস্ট শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন, তাকেও দ্রুত আইনের আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের বহিষ্কার করতে হবে।
তিনি আরও বলেন, যারা তদন্ত কমিটিতে আছেন আপনারা হয়ত মনে করছেন যে, এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা করে, ভুল তদন্ত রিপোর্ট দিয়ে আপনারা দায়মুক্তি পেয়ে যাবেন। অপরাধীদেরকে দায়মুক্তি দিয়ে আপনারা পার পেয়ে যাবেন। আপনাদেরকে হুঁশিয়ার করছি, যে জমিনে রক্ত পড়েছে, সেই জমিনে রক্ত কথা বলবেই। সেই জমিনের রক্তের প্রতিটি ফোঁটার মূল্য আমরা নেব। সুতরাং কমিটির মাধ্যমে আপনারা বিষয়টি দীর্ঘায়িত করবেন, এমনটা চলতে থাকলে আমরা আরও দুর্বার গতিতে আমাদের আন্দোলন-সংগ্রাম জারি রাখব, ইনশাআল্লাহ।
এজেডআর/এসএএস
