বিজ্ঞাপন

পদার্থের শিক্ষক হলেও ভিসি পদার্থ বোঝেন না : মোসাদ্দেক

পদার্থের শিক্ষক হলেও ভিসি পদার্থ বোঝেন না : মোসাদ্দেক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলী বলেছেন, আমাদের ভিসি স্যার পদার্থবিজ্ঞানের শিক্ষক, কিন্তু তিনি পদার্থ বোঝেন না। তিনি বিএনপির শিক্ষা সম্পাদক, কিন্তু ইতিহাস থেকে তিনি শিক্ষা গ্রহণ করেননি।

মঙ্গলবার (১৮ আগস্ট) ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ডাকসুর আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মোসাদ্দেক আলী বলেন, আমরা তাকে আহ্বান জানাই, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। তা না হলে কীভাবে শিক্ষা গ্রহণ করতে হয়, সেটা ছাত্রদল ভালোভাবেই জানে।

তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী প্রক্টররা শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিলেন। তার ভাষায়, এই হামলা ছিল পৈশাচিক। ফ্যাসিবাদী প্রক্টরদের সময়কার ঘটনাকেও এটি হার মানিয়েছে।

শাহবাগ থানায় হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এখনও প্রকাশ না হওয়ার সমালোচনা করে তিনি বলেন, ছয় মাস হয়ে গেছে, তিন-চার মাস হয়ে গেছে, এখন পর্যন্ত শাহবাগ থানার হামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কোনো নাম নেই। আমরা মনে করি, তদন্ত কমিটির নামে প্রকল্প করে শিক্ষার্থীদের টাকা লুটপাট করা ছাড়া আপনাদের আর কোনো এজেন্ডা নেই।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে ডাকসুর সাহিত্য সম্পাদক বলেন, আপনারা যে ভাষা বোঝেন, আমরা সেই ভাষায় কথা বলতে জানি। আমরা চুপ করে আছি বলে এটা মনে করবেন না যে আমরা ভাষা ভুলে গেছি।

তিনি বলেন, জুলাইয়ের প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।

মানববন্ধনে তিনি আরও বলেন, তারা হয়তো তদন্ত কমিটির পর তদন্ত কমিটি করবে, কিন্তু বিচার করবে না। তবে শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে একদিন বিচারের মুখোমুখি করা হবে।

মোসাদ্দেক আলী অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন একই সঙ্গে তদন্তকারী ও বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তিনি বলেন, এই ক্ষমতার বাহাদুরি বেশিদিন থাকবে না। আপনারা বিচারপতি হয়ে, ওবায়দুল কাদেরের মতো সন্ত্রাসীরাও আপনারা, তদন্তকারীও আপনারা, বিচারকও আপনারা। মনে রাখবেন বিচারপতির বিচার যারা করবে সেই জনতা জেগে উঠবে। এবং এই মাকসুদ কামাল হয়তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, এই সাদ্দাম, ইনান হয়তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, আপনারা কেউ পালানোর পথ পাবেন না।

শেষে তিনি শপথ করে বলেন, আপনাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করব। আমার যদি নিঃশ্বাস থাকে, আমি যদি বেঁচে থাকি, আমি এটার বিচারের মুখোমুখি করবই করব ইনশাআল্লাহ। 

 এজেডআর/এসএইচএ