ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাকাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে মতামত বা ভোট গ্রহণের জন্য ১৮ ঘণ্টা সময় বাড়ানো হয়েছে। কারিগরি ত্রুটি কারণে অতিরিক্ত সময় বাড়িয়ে মোট ৭৮ ঘণ্টা ভোটাভুটির সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১৯ আগস্ট) সকালে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট অ্যাকাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশনে ভোট প্রদানে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী মোবাইল নম্বর পরিবর্তনজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজে সংরক্ষিত নম্বরে ওটিপি না পৌঁছানোয় তারা ভোট প্রদান করতে পারছেন না। উদ্ভূত এই কারিগরি ত্রুটি বিবেচনায় নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ভোট গ্রহণের সময়সীমা আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বিকেল ৪টা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোবাইল নম্বর পরিবর্তনজনিত সমস্যায় আক্রান্ত শিক্ষার্থীদের সুবিধার্থে ভোট দেওয়ার ওয়েবসাইটে (https://vote.dcu.ac.bd/) নম্বর পরিবর্তন ও ভোটের অনুরোধ শীর্ষক একটি পৃথক অনলাইন ফরম চালু করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীগণ উক্ত ফরমে তার সচল মোবাইল নম্বর উল্লেখপূর্বক জাতীয় পরিচয়পত্রের কপি ও সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্রের কপি সংযুক্ত করে ভোট প্রদানের অনুরোধ জমা দিতে পারবেন। প্রশাসনিক যাচাই-বাছাই এর পর সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে।
বিজ্ঞপ্তিতে ভোটে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী ইতোমধ্যে সফলভাবে ভোট দিয়েছেন, তাদের পুনরায় কোনো পদক্ষেপ গ্রহণের প্রয়োজন নেই। কোনো শিক্ষার্থী যেন কারিগরি সমস্যার কারণে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করাই কর্তৃপক্ষের অগ্রাধিকার। এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকলের ধৈর্য ও আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।
এদিকে, অ্যাকাডেমিক মাইগ্রেশনের মতামত প্রক্রিয়া শেষে একটি যুগোপযোগী অনলাইন শিক্ষার্থী ব্যবস্থাপনা পদ্ধতি চূড়ান্ত করার কথা জানিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এর মাধ্যমে পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশসহ অ্যাকাডেমিক কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন সম্পূর্ণ সেশনজটমুক্ত করারও আশ্বাস দেওয়া হয়েছে।
এছাড়া, ফলাফলে অসংগতি এড়াতে দ্বৈত পরীক্ষক পদ্ধতি চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। পুরো প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শিক্ষার্থী, অধ্যক্ষ, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
জেআই
