বিজ্ঞাপন

ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত অধ্যাপক ড. জালিল রাহিমি জাহানাবাদি।

বুধবার (১৯ আগস্ট) ঢাবির উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎকালে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলার মাহদি মৌলায়ী আরানি উপস্থিত ছিলেন।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণ, ভাষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার এবং ঢাবিতে ফারসি ভাষা শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি, সৌর প্রযুক্তি, চিকিৎসা ও ফার্মেসিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নতুন সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্ব দেন তারা। ঢাবি ও বাংলাদেশে অবস্থিত ইরানি দূতাবাসের যৌথ পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়েও আলোচনা হয়।

ঢাবি ও ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, ভাষা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত অধ্যাপক ড. জালিল রাহিমি জাহানাবাদি।

এর আগে, ইরানি রাষ্ট্রদূত ঢাবির টিএসসি মিলনায়তনে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলার মাহদি মৌলায়ী আরানি।

ইরানের রাষ্ট্রদূত অধ্যাপক ড. জালিল রাহিমি জাহানাবাদি শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাবির বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ইরানি অধ্যাপক নিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাবির ভিজিটিং প্রফেসর, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

উপাচার্য ঢাবি সফর এবং যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণে আগ্রহ প্রকাশের জন্য ইরানের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সামাজিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। আগামী দিনে বিভিন্ন অ্যাকাডেমিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

 এজেডআর/আরএফ