ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তিন নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।
বুধবার (১৯ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও রাজু ভাস্কর্যের পেছনের এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে ছাত্র ইউনিয়ন ও ভুক্তভোগী শিক্ষার্থীরা।
ছাত্র ইউনিয়নের দাবি, তিন নারী শিক্ষার্থী রিকশায় ওঠার সময় ছাত্রদলের কয়েকজন তাদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তারা প্রতিবাদ করলেও তারা উত্ত্যক্ত করা অব্যাহত রাখেন। পরে শিক্ষার্থীদের নিরাপত্তায় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মী এগিয়ে গেলে তাদের সঙ্গে ওই যুবকদের হাতাহাতি হয়। একপর্যায়ে আরও কয়েকজন সেখানে এসে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলা করেন বলে অভিযোগ সংগঠনটির।
এ ঘটনায় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি অন্তু অরিন্দম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মো. মুস্তাকিম আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। আহতদের কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও দাবি করা হয়েছে।
ঘটনার পর ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা প্রক্টরিয়াল টিমের সঙ্গে যোগাযোগ করলে টিএসসিতে গিয়ে সংশ্লিষ্টদের প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর ভুক্তভোগী তিন নারী শিক্ষার্থী রাত সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তারা ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত, সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
লিখিত অভিযোগে বলা হয়, রাত ৮টা ৫৫ মিনিটের দিকে টিএসসি ও রাজু ভাস্কর্যের পেছনে ছাত্রদলের কয়েকজন যুবক তাদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এর প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়।
ভুক্তভোগী এক শিক্ষার্থী অভিযোগ করেন, তারা রিকশায় ওঠার আগ থেকেই কয়েকজন যুবক তাদের লক্ষ্য করে তাকাচ্ছিলেন। রিকশায় ওঠার পর তাদের উদ্দেশে বিভিন্ন মন্তব্য করা হয়। প্রতিবাদ করলে ওই যুবকদের একজন বলেন, সুন্দর জিনিস দেখলে কি দেখব না? পরে তারা রিকশাটি ঘিরে দাঁড়ান বলেও অভিযোগ করেন ওই শিক্ষার্থী।
তিনি বলেন, পরিস্থিতি দেখে তারা আশপাশে থাকা পরিচিতদের ডাকেন। এরপর বিষয়টি নিয়ে কথা বলতে গেলে প্রথমে সাত-আটজনের মতো যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে ৩০-৩৫ জনের মতো লোক জড়ো হন এবং তাদের নিরাপত্তায় এগিয়ে আসা ব্যক্তিদের ওপর হামলা করা হয় বলে তার অভিযোগ।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর দাবি, ঘটনার সময় উত্ত্যক্তকারী কয়েকজন নিজেদের ক্যাম্পাসের শিক্ষার্থী নন বলে জানান এবং একটি রাজনৈতিক সংগঠনের(ছাত্রদল) কর্মীদের ফোন করে ডাকার কথা বলেন। পরে তাদের সঙ্গে আরও লোকজন যোগ দেন।
ভুক্তভোগী শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে হামলাকারীদের ছাত্রদলের কর্মী বলে দাবি করা হয়েছে। তবে ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ইসরাফিল রতন বলেন, ভুক্তভোগীরা একটি রাজনৈতিক সংগঠনের নাম উল্লেখ করেছেন। তবে ঘটনাস্থলের ব্যক্তিদের পরিচয় তিনি নিজে নিশ্চিতভাবে শনাক্ত করতে পারেননি।
তিনি বলেন, সঠিকভাবে আমি তো রিকগনাইজ করতে পারলাম না। আমি বলব যে এটা এই সংগঠন বা ওই সংগঠন, বা বহিরাগত—এভাবে বলার সুযোগ নেই। শিক্ষার্থীরা যে ঘটনার কথা বলছে, প্রাথমিকভাবে তাদের ফুটেজ দেখানো হয়েছে। আইনগত যে প্রক্রিয়া আছে, আগামীকাল (বৃহস্পতিবার) সেটা সম্পন্ন করা হবে। এতে কোনো শিথিলতা প্রদর্শনের সুযোগ নেই।
তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে যা যাচাই করার প্রয়োজন, প্রশাসন তা করবে। এজন্য শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
এজেডআর/এসএইচএ
