বিজ্ঞাপন

জকসুর উদ্যোগে জবির মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩টি আধুনিক যন্ত্র

জকসুর উদ্যোগে জবির মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩টি আধুনিক যন্ত্র

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ল্যাবরেটরিতে ১৩টি আধুনিক চিকিৎসা ও পরীক্ষাগার সরঞ্জাম যুক্ত করা হয়েছে। আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জকসুর যৌথ উদ্যোগে এসব সরঞ্জামের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা জানিয়েছে জকসু। 

মেডিকেল সেন্টার উন্নয়ন ও আধুনিকায়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জকসু নেতারা। সরঞ্জামগুলো চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারেই বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন বলেও দাবি করেন তারা।

জকসু সূত্রে জানা যায়, মেডিকেল সেন্টারের ল্যাবে যুক্ত করা সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে—বাইনোকুলার মাইক্রোস্কোপ (এন-১২০০), বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার (বায়ো-বেস-৪০০০), ইউরিন অ্যানালাইজার (ইউএপি-৫০৫-প্লাস) , হেমাটোলজি অ্যানালাইজার (বিসি-১০), গামা আরএফআইডি রিডার অ্যাসেম্বলি, হরমোন অ্যানালাইজার (পিআইএমএ/পিটি-১০০০) এবং ইএসআর অ্যানালাইজার (ইএসআর-২০)। এছাড়া রয়েছে ৮-হোল সেন্ট্রিফিউজ মেশিন,রোলার মিক্সচার (টিআরভি-এ), ডিজিটাল ইউরিন রোটেটর, এবং বিভিন্ন পরিমাপের তিনটি মাইক্রোপিপেট—৫-৫০, ১০-১০০ ও ১০০-১০০০।

একই সঙ্গে মেডিকেল সেন্টারের উন্নয়ন ও আধুনিকায়নে ইতোমধ্যে প্রায় ৫০ লাখ টাকার মতো কাজ করা হয়েছে বলে জানিয়েছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ইতোমধ্যেই তিনটি এসি স্থাপন করা হয়েছে, জানালায় রোলার লাগানো হয়েছে এবং গেট স্থাপন করা হয়েছে। মেশিনারি রাখার জন্য টেবিল, কিট সংরক্ষণের জন্য ফ্রিজসহ প্রয়োজনীয় মেশিনারি আনা হয়েছে। পাশাপাশি নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী আরও একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।

রিয়াজুল বলেন, জকসু ইলেকশনের আগেই আমাদের প্রতিশ্রুতি ছিল আমরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আধুনিকায়ন করব। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষার্থীদের কল্যাণে আমরা মেডিকেল সেন্টারে মেশিনারিজগুলো দিয়েছি। সঙ্গে আমরা একটি অ্যাম্বুলেন্সও দিয়েছি। আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করেছি।

তিনি বলেন, আগে অনেক সাধারণ পরীক্ষা-নিরীক্ষার জন্য শিক্ষার্থীদের মেডিকেল সেন্টারের বাইরে যেতে হতো। এতে তাদের সময় ও অর্থ দুটোই ব্যয় হতো। এখন প্রয়োজনীয় পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারেই করার সুযোগ তৈরি হবে। এই ল্যাব চালু হলে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বড় ধরনের সুবিধা হবে। আমাদের মেডিকেল অফিসার যেসব পরীক্ষা প্রয়োজন মনে করবেন, সেগুলো নামমাত্র মূল্যে করানোর ব্যবস্থা করা হবে। এতে শিক্ষার্থীরা দ্রুত, সহজে ও কম খরচে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

মেডিকেল সেন্টার উদ্বোধন ও পরিচালনার বিষয়ে রিয়াজুল বলেন, আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত রয়েছে। প্রশাসনিক কিছু জটিলতার কারণে এখনো উদ্বোধন করা সম্ভব হয়নি। প্রশাসন আগামী সপ্তাহে উদ্বোধন করার কথা জানিয়েছে।

ল্যাব পরিচালনায় জনবল সংকটের বিষয়ে জকসু ভিপি বলেন, আমরা যে মেশিনারিজগুলো দিয়েছি, সেগুলো পরিচালনার জন্য মেডিকেল সেন্টারে বর্তমানে টেকনিশিয়ান নেই। আগামী দুই মাস হাসপাতাল থেকে টেকনিশিয়ান এনে সহযোগিতা নেওয়া হবে। তাদের বেতন-ভাতার বিষয়টিও আমরা বহন করব। দুই মাসের মধ্যে প্রশাসন থেকে টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

তবে মেডিকেল সেন্টার উদ্বোধন, বাস্তবায়ন ও পরিচালনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন বলেন, 'বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে মেডিকেল সেন্টার পরিচালনার জন্য ২ জন টেকনিশিয়ান রয়েছেন, তবে জকসু যেসব মেশিনারিজ সরবরাহ করেছে তা পরিচালনার জন্য টেকনিশিয়ান নেই। জকসু কোনো আনুষ্ঠানিক চিঠিও দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর। আমাদের প্রশাসনের অনুমতিও নেয়নি জকসু।'

মেডিকেল সেন্টারে সংযুক্ত নতুন সরঞ্জামাদি উদ্বোধনের বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন বলেন, উদ্বোধনের অনুমতি চায়নি জকসু। আনুষ্ঠানিক কোনো চিঠি দেওয়া হয়নি প্রশাসনের কাছে। তবে তারা অনুমতি চাইলে উদ্বোধন করা হবে।

জকসু সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, জকসুর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাবনা দেওয়া হয়নি। প্রস্তাবনা দেওয়া হলে তাদের সঙ্গে বসে এগুলো নির্ধারণ করতে হবে। ব্যবস্থাপনা ও লোকবল নিয়ে মেডিকেল সেন্টার কীভাবে পরিচালনা হবে আনুষ্ঠানিকভাবে এটা নিয়ে জকসুর সঙ্গে বসতে হবে।

উদ্বোধনের বিষয়ে উপাচার্য বলেন, মেডিকেল সেন্টারে জকসু সরঞ্জামাদি দিয়েছে এটা ভালো। আমাকে জানানো হয়েছে। আমরা এগুলো অবশ্যই রিসিভ করবো। তাদেরকে ধন্যবাদও দেব। তবে প্রস্তাবনা আসতে হবে।

আরএফ