আগামী জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হতে পারে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে তাকে সম্ভাব্য সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। প্রধানমন্ত্রী ওই আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি জানিয়েছেন।
সাক্ষাৎকালে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি, বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ২০ বছর মেয়াদি অ্যাকাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্ক জোরদার, বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং অ্যালামনাই নেটওয়ার্কিং বৃদ্ধিসহ শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়েও আলোচনা হয়।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফান্ড বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তৃতীয় ভাষা, জীববিজ্ঞান, জীবপ্রযুক্তি ও রোবোটিক্স বিষয়ে শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ তৈরিতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং শিক্ষা ও গবেষণার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আন্তর্জাতিক র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় অ্যালামনাইদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎ শেষে উপাচার্য জানান, আগামী জানুয়ারিতে সম্ভাব্য ৫৪তম সমাবর্তনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। তবে সমাবর্তনের নির্দিষ্ট তারিখ ও আনুষ্ঠানিক সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি।
এজেডআর/এসএএস
