ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন নারী শিক্ষার্থীকে হেনস্তা এবং এর প্রতিবাদ করতে গিয়ে ছাত্র ইউনিয়নের নেতাকর্মী ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে ডাকসু এ নিন্দা জানায়।
এতে বলা হয়, ছাত্রদলের মিছিলে আসা বহিরাগত কয়েকজনের বিরুদ্ধে তিন নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য ও অঙ্গভঙ্গির মাধ্যমে হেনস্তার অভিযোগ উঠেছে। পরে এর প্রতিবাদ করতে গেলে ছাত্র ইউনিয়নের নেতাকর্মী ও শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।
ডাকসু বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস। সেখানে কোনো নারী শিক্ষার্থীর প্রতি হেনস্তা, কুরুচিপূর্ণ আচরণ কিংবা এর প্রতিবাদকারী শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের সংঘবদ্ধ হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগতদের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণ, বহিরাগতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ ও সহিংস কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ডাকসু।
একই সঙ্গে হামলায় আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
ডাকসুর বিবৃতি সম্পর্কে ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী বলেন, এখানে এত দাবি জানানোর কিছু নাই। বিষয়টা নিয়ে আমাদের সংগঠনও অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। আর প্রক্টর স্যার গতকাল রাত থেকে এটা নিয়ে খুব আন্তরিকভাবে কাজ করছেন। যারা ছাত্রদল পরিচয়ে এরকম একটা কাজ ঘটিয়েছে, তারা আদৌ ছাত্রদল না নাকি ছাত্রদলের নাম ভাঙিয়ে অন্য কেউ, সেটাও খতিয়ে দেখার বিষয় আছে। দিনশেষে এ বিষয়ে তদন্তপূর্বক যে ব্যবস্থা নেওয়া হবে, প্রশাসনকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর অপরাধী যেই হোক না কেন, এ বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক, এটাই আমাদের দাবি।
এজেডআর/এসএএস
