বিজ্ঞাপন

ভোট পড়েছে ৩৬ শতাংশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ১৭ হাজার শিক্ষার্থী

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ১৭ হাজার শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত থেকে নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাকাডেমিক মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘ ৭৮ ঘণ্টা অনলাইনে ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচনে ভোট দেওয়ার হার ৩৬ দশমিক ১৮ শতাংশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল্লাহ, রেজিস্ট্রার শাহিদুর রহমান ও ট্রেজারার বোরহান উদ্দীন স্বাক্ষরিত ফলাফল পত্রে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত প্রাতিষ্ঠানিক ভোটের ফলাফল অনুয়ায়ী, ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ সেশনের সাত কলেজের মোট ৫৪ হাজার ৩৯৬ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে ভোট দিয়েছেন। সেই হিসেবে নির্বাচনে ভোট দেওয়ার হার ৩৬ দশমিক ১৮ শতাংশ। প্রদত্ত ভোটের মধ্যে অ্যাকাডেমিক মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট ১৭ হাজার ১২টি, যা মোট কাস্টিং ভোটের ৮৬ দশমিক ৪ শতাংশ।

আর মাইগ্রেশনের বিপক্ষে ভোট পড়েছে ২ হাজার ৫৩২টি, যা প্রদত্ত ভোটের ১২ হাজার ৯ শতাংশ। অংশগ্রহণকারীদের মধ্যে কোনো পক্ষেই ভোট দেননি ১৩৮ জন শিক্ষার্থী, যা মাত্র মোট ভোটের ০ দশমিক ৭ শতাংশ।

কলেজভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সর্বাধিক ভোট দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। কলেজের তিন সেশনের ৫১ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। এর মধ্যে সর্বোচ্চসংখ্যক ৩ হাজার ৮৭৮ শিক্ষার্থী সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাকাডেমিক মাইগ্রেশনের পক্ষে ভোট দিয়েছেন, অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯৩ দশমিক ৫ শতাংশ। সরকারি তিতুমীর কলেজের ৭০ শতাংশ শিক্ষার্থী হ্যাঁ ভোট দিয়েছেন, অর্থাৎ ৪ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন।

এ ছাড়া, সরকারি বাংলা কলেজে ভোট প্রদানকারী শিক্ষার্থীদের মধ্যে ৯৫ দশমিক ৯ শতাংশ ‘হ্যাঁ’ ভোট, কবি নজরুল সরকারি কলেজে ৯৬ দশমিক ৭ শতাংশ, ইডেন মহিলা কলেজে ৮১ দশমিক ৮ শতাংশ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ৯৫ দশমিক ৮ শতাংশ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ৮৪ দশমিক ৯ শতাংশ শিক্ষার্থী ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। 

সেশন ভিত্তিক শিক্ষার্থীদের ভোট দেওয়ার ফলাফল অনুযায়ী, সাত কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের মোট ১৭ হাজার ৬৫৪ জন ভোটারের মধ্যে ৬ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। ভোট প্রদানকারী শিক্ষার্থীদের মধ্যে ৯৪ দশমিক ২ শতাংশ বা ৬ হাজার ৩৪৪ জন শিক্ষার্থীই ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন।

অন্যদিকে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মোট ১৮ হাজার ৮১৭ জন শিক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন, যা শতাংশে ৩৬ দশমিক ৪। এ সেশনের ৭৭ দশমিক ৫ শতাংশ বা ৫ হাজার ৩১৪ জন শিক্ষার্থী ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। আর ‘না’ ভোট দিয়েছেন ১ হাজার ৪৮৪ জন বা ২১ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী।

সর্বশেষ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, এই সেশনের ১৭ হাজার ৯২৫ জন ভোটারের মধ্যে ৬ হাজার ৯১ জন শিক্ষার্থী ভোট প্রক্রিয়ায় অংশ নেন। ভোট প্রদানকারী ৮৭ দশমিক ৯ শতাংশ বা ৫ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী মাইগ্রেশনের পক্ষে ভোট দিয়েছেন। আর ৬৯৩ জন বা ১১ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী ‘না’ ভোট দিয়েছেন।

মূলত, সাত কলেজের চলমান সেশনের শিক্ষার্থীদের ক্লাস, পরীক্ষা, ফলাফল প্রকাশসহ যাবতীয় অ্যাকাডেমিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়। দীর্ঘদিনের নানা বৈষম্যের অভিযোগে সাত কলেজকে সংযুক্ত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। পরবর্তী সময়ে চলতি বছরের এপ্রিলে জাতীয় সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ পাস হয়। 

এমওএইচ/এসএএস