বিজ্ঞাপন

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গা নদীতে ‘হৃদয়ে ঢাকা’ নৌকা বাইচ

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গা নদীতে ‘হৃদয়ে ঢাকা’ নৌকা বাইচ

ঢাকা জেলার ৪১৬ বছর পূর্তি উপলক্ষ্যে বুড়িগঙ্গা নদীতে ‘হৃদয়ে ঢাকা’ শীর্ষক ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে সদরঘাটের খোলামোড়া ঘাট থেকে সোয়ারীঘাট পর্যন্ত এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ দেখতে বুড়িগঙ্গার দুই পাড়ে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। নদীতে দর্শনার্থীদের বহনকারী ট্রলারের উপস্থিতির কারণে প্রতিযোগিতায় নৌকাগুলো নির্ধারিত লাইনে চলতে কিছুটা বিঘ্ন ঘটে। 

আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও পরিকল্পিতভাবে এ আয়োজন করার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির স্থানীয় নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন বলেন, 'বিগত দেড় দশকের ফ্যাসিবাদী সময় এ ধরনের আয়োজন করা যায়নি। এটা শুরু হোক, লার্নিং হোক। বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে এ ধরনের আয়োজন করা হতো। আপনাদের কাছে অনুরোধ আগামীদিনেও এই আয়োজন চালু রাখা হোক। এবং আরও সুশৃঙ্খলভাবে আগামীদিনে যেন এটি আমরা করতে পারি।'

ঢাকা -৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান বলেন, বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি এবং নদীতে দর্শনার্থীদের ট্রলারের কারণে এবারের আয়োজন প্রত্যাশা মতো করা সম্ভব হয়নি। ভবিষ্যতে আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে নৌকা বাইচ আয়োজন করা হবে। তিনি প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

সভাপতিত্বের বক্তব্যে ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম বলেন, 'আমরা নৌকা বাইচ ঠিকমতো করতে পারিনি জনগণের চাপে। জনগণ ট্রলার নিয়ে নেমে গেছে নদীতে। নৌকা বাইচ হওয়ার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা আমরা করতে পারিনি। বহুবছর পর যেহেতু এটা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে আমরা ঢাকা শহরের সবাই মিলে আরও ভালো অনুষ্ঠান করব ইনশাআল্লাহ। ভবিষ্যতে নৌকা বাইচ সুন্দরভাবে করতে আপনাদের সহযোগিতা চাই।'

তিনি আরও বলেন, 'এ ধরনের আয়োজন ভবিষ্যতে আমরা করতে চাই। সেখানে আপনাদের সবার সহযোগিতা চাই। আপনাদের সবার অংশগ্রহণের মধ্যদিয়েই ঢাকা আবার পুনরুজ্জীবিত হবে। ঢাকার কৃষ্টি, ঢাকার কালচার, ঢাকার ভাষা, ঢাকার খাবার জনগণের সামনে তুলে ধরতে চাই, সারা বিশ্বের সামনে তুলে ধরতে চাই।'

'আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে সুন্দরভাবে সাজাতে চান। গ্রিন সিটিতে পরিণত করতে চান। ঢাকাকে যদি অন্তর দিয়ে ভালো না বাসি তবে গ্রিন করা যাবে না, ক্লিন করা যাবে না।'

আয়োজকরা জানান, ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিবছর এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জাতীয় দিবসগুলোতেও এমন সাংস্কৃতিক আয়োজন চালু রাখার আহ্বান জানানো হয়।

নৌকা বাইচ শেষে সোয়ারিঘাট প্রাঙ্গণে নোঙর করা শতবর্ষী স্টিমার পিএস মাহমুদে পুরস্কার বিতরণ করা হয়। 'হৃদয়ে ঢাকা' শীর্ষক নৌকা বাইচ প্রতিযোগিতায় ৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানের দল। দ্বিতীয় হয় ঢাকা দক্ষিণের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মেশাররফ হোসেন খোকনের দল এবং তৃতীয় স্থান অর্জন করে মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকনের দল। বিজয়ীদের পুরস্কার হিসেবে স্কুটার, ফ্রিজ ও টেলিভিশন দেওয়া হয়।

আরএফ