পুরান ঢাকার কেরানীগঞ্জ সংলগ্ন আলম মার্কেট এলাকার কাছে বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনের সময় পানিতে ডুবে গোপাল (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার স্টেশনের চার সদস্যের একটি ডুবুরি দল বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা ধরে নদীর আশপাশে তল্লাশি চালানো হয়। আগামীকাল আবার উদ্ধারকাজ পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিদ্দিকবাজার স্টেশনের সাব অফিসার ও অভিযান পরিচালনাকারী ডুবুরি দলের ইনচার্জ আবুল খায়ের ঢাকা পোস্টকে জানান, খবর পাওয়ার পরই আমরা উদ্ধার অভিযানে যাই। বিকেল চারটা নাগাদ ৪ সদস্যের একটি ডুবুরি দল আলম মার্কেট সংলগ্ন ঘাটের আশপাশে তল্লাশি করা হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালানো হয়।
ডুবুরি দলের ইনচার্জ আবুল খায়ের আরো জানান, ট্রলারে ঘুরতে গিয়ে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছে ওই কিশোর। ঠিক কোন জায়গায় লাফ দিয়েছে পরিবারের কেউ তা বলতে পারে না। আমরা প্রায় পাঁচশো ছয়শো ফিট চারপাশে তল্লাশি করেছি। নদীতে অনেক স্রোত, সন্ধ্যা হয়ে এসেছে, তাছাড়া পরিবারের কেউ বলতে পারে না কোন স্পটে নিখোঁজ হয়েছে। তাই আমরা চলে এসেছি। আগামীকাল আবার উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।
পরিবারের সদস্যদের ভাষ্য, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিমা বিসর্জনের জন্য তারা সবাই একসঙ্গে বুড়িগঙ্গা নদীতে যান। এ সময় অন্যদের সঙ্গে ওই কিশোরও প্রতিমা বিসর্জনে অংশ নেয়। প্রতিমার পাশ দিয়ে পানিতে ডুব দেওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ কিশোরের পরিবারের সদস্য শিমা জানান, গোপালের সঙ্গে থাকা আরও দুইটা ছেলে মাঝখানে সাঁতার কাটছিল। তবে কিশোরটি নিখোঁজ হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ বুঝতে পারেনি। পরে আনুমানিক দুপুর আড়াইটা থেকে ৩টার দিকে আমরা বিষয়টি জানতে পারি।
নিখোঁজ গোপালের বন্ধু ও প্রত্যক্ষদর্শী প্রত্যয় জানান, নৌকা অন্য পাড়ে পৌঁছানোর পর কয়েকজন পানিতে লাফ দেয়। পরে নৌকার মাঝামাঝি অবস্থান থেকে ৩-৪ জন পানিতে লাফ দিলে তাদের দেখাদেখি গোপালও লাফ দেয়। পানিতে নামার পরপরই বড় একটি ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ কিশোরের সন্ধানে তল্লাশি শুরু করে। তবে দীর্ঘসময় অভিযানের পরও গোপালকে উদ্ধার করা যায়নি।
এসএইচএ
