বিজ্ঞাপন

শিক্ষা ক্যাডারের শিক্ষকদের নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন ডিসিইউ উপাচার্য

শিক্ষা ক্যাডারের শিক্ষকদের নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন ডিসিইউ উপাচার্য

বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের নিয়ে বক্তব্যের খণ্ডিত অংশ গণমাধ্যমে প্রকাশের অভিযোগ তুলে দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। 

শনিবার (২২ আগস্ট) ডিসিইউ রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিবৃতিতে তার বক্তব্যের ব্যাখ্যা দেন উপাচার্য। 

প্রেস বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক আয়োজিত একটি মতবিনিময় সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম প্রদত্ত বক্তব্যের একটি খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হওয়ায় বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শিক্ষকদের মধ্যে যে উদ্বেগ ও মনঃকষ্টের সৃষ্টি হয়েছে, তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃত প্রেক্ষাপট ও সম্পূর্ণ বক্তব্য বিবেচনায় না নেওয়ার কারণে এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করি।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেন, উপাচার্য প্রকৃতপক্ষে একজন শিক্ষকের উচ্চমাধ্যমিক স্তর ও স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষকতার ক্ষেত্র পরিবর্তনের সময় উচ্চশিক্ষার জন্য পাঠদানে যে বাস্তব চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তা উদাহরণ হিসেবে উপস্থাপন করেন। এটি শিক্ষাব্যবস্থার একটি কাঠামোগত বাস্তবতার প্রতি ইঙ্গিত ছিল। বিষয়টি অ্যাকাডেমিক পরিমণ্ডলে সর্বদা আলোচিত ও স্বীকৃত একটি বিষয়।

বিবৃতিতে আরও বলা হয়, উপাচার্য মন্ত্রী মহোদয়ের নিকট শিক্ষকদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ বরাদ্দ, পেশাগত উন্নয়নের সুযোগ সম্প্রসারণ এবং সার্বিকভাবে একটি সহায়ক ও মানসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন। একইসঙ্গে, তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজসমূহে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উচ্চশিক্ষায় সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের যথাযথ পদায়নের গুরুত্বও তুলে ধরেন। সামগ্রিকভাবে তার বক্তব্যের মূল প্রতিপাদ্য ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজের শিক্ষকদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ, গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি করা, যা কোনোভাবেই তাদের মর্যাদাহানি নয়।

বিসিএস ক্যাডারের শিক্ষকদের প্রতি ডিসিইউ কর্তৃপক্ষ পূর্ণ শ্রদ্ধাশীল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্বাস করে, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই এই নবপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে এবং সর্বোপরি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সদস্যদের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, শুক্রবার (২১ আগস্ট) রাজধানীতে একটি মতবিনিময় সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, সারা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ও সাত কলেজে বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকরা একই সঙ্গে ইন্টারমিডিয়েট, ডিগ্রি এবং অনার্স-মাস্টার্স পড়াচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য শিক্ষকদের যে চিন্তা-চেতনা ও গবেষণা থাকা দরকার, সেটা তাদের নেই।

উপাচার্যের এই বক্তব্যের প্রেক্ষিতে বিসিএস ক্যাডারের শিক্ষকরা সামাজিক যোগযোগমাধ্যমে প্রতিবাদ জানায়। বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ না করলে সারাদেশের কলেজগুলোতে ক্লাস বর্জনের মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। 

এমওএইচ/জেআই