আয়কর বিষয়ে ব্যবহারিক জ্ঞান ও ই-রিটার্ন দাখিলের প্রক্রিয়া সম্পর্কে অংশগ্রহণকারীদের দক্ষতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘প্রায়োগিক আয়কর ও ই-রিটার্ন দাখিল’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে এ কর্মশালা শুরু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে কর্মশালাটি আয়োজন করা হয়েছে।
ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম এবং বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান ড. ইকতিয়ারউদ্দিন মো. মামুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
আরও বক্তব্য দেন কর্মশালার মূল সমন্বয়ক অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ স্বাগত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মুসতবা ইশতিয়াক আহমদ।
‘শিখুন, চর্চা করুন ও আত্মবিশ্বাসের সঙ্গে দাখিল করুন’ প্রতিপাদ্য নিয়ে কর্মশালাটি ২২, ২৮ ও ২৯ আগস্ট অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়। এদিনগুলোতে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে কর্মশালার কার্যক্রম চলবে।
এজেডআর/এসএএস
