জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন আগামী বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
রোববার (২৩ আগস্ট) তিনি এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন উপলক্ষ্যে একটি খসড়া তারিখ করা হয়েছে। ২০২৭ সালের ৩০ জানুয়ারি সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয় এবং ভেন্যু হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ (ধূপখোলা মাঠ) প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।
সমাবর্তনের বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন জানান, আজ সকালে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে একটি খসড়া তারিখ করা হয়েছে ২০২৭ সালের ৩০ জানুয়ারি। অলরেডি মন্ত্রণালয়ে গিয়ে সচিব, মন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে একটা খসড়া ডেট ফাইনাল করলাম। মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এসেছি। আনুষ্ঠানিক ফাইল অনুমোদনের মাধ্যমে সেটা অনুমোদন পাবো। পরবর্তীতে প্রক্রিয়া শুরু হবে।
তিনি আরো বলেন, সমাবর্তনে গেস্ট হিসেবে রাষ্ট্রপতি থাকবেন, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে। শিক্ষামন্ত্রী ও ইউজিসির চেয়ারম্যান থাকবেন। পাশাপাশি একজন সমাবর্তন বক্তা ঠিক করবো।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছর পর ২০২০ সালে প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হয়। প্রথম সমাবর্তনে ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ১২টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।
জেডএস
