বিজ্ঞাপন

ঢাবিতে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে ছাত্রশক্তির মতবিনিময়

ঢাবিতে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে ছাত্রশক্তির মতবিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নেতাদের সঙ্গে ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ছাত্ররাজনীতি, এর সংস্কার, রাজনীতিতে নারীর অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

রোববার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস এ. স্টুয়ার্ড ও পাবলিক ডিপ্লোম্যাসি অফিসার স্কট হার্টম্যান উপস্থিত ছিলেন।

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিনিধি দলে ছিলেন সভাপতি তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আল-আমিন সরকার, জোনাল সাংগঠনিক সম্পাদক শিমু আক্তার এবং ক্যারিয়ার ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক আবিদ হাসান জয়।

সভায় ছাত্রশক্তির নেতারা বাংলাদেশের ছাত্ররাজনীতির বর্তমান চিত্র, ছাত্ররাজনীতির সংস্কারের প্রয়োজনীয়তা এবং রাজনীতিতে নারীদের অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ আরও সহজ ও সরাসরি করার আহ্বান জানান তারা।

এ সময় তারা কোনো মধ্যবর্তী এজেন্সি ছাড়াই সরাসরি মার্কিন দূতাবাসের মাধ্যমে শিক্ষার্থীদের স্কলারশিপ-সংক্রান্ত সুযোগ ও তথ্যপ্রাপ্তি সহজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ ছাড়া শিক্ষার্থীদের জন্য আইডিয়া এক্সচেঞ্জ, লিডারশিপ কনফারেন্সসহ বিভিন্ন শিক্ষাবান্ধব কর্মসূচি আয়োজনের সম্ভাবনা নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।

এজেডআর/