ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। বৈঠকে সংবিধানবিষয়ক শিক্ষা ও গবেষণা, যৌথ অ্যাকাডেমিক কার্যক্রম, ডুয়াল ডিগ্রি চালু এবং বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
রোববার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মার্কিন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি সেকশনের পাবলিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক স্কট হার্টম্যানের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন জেমস এ. স্টুয়ার্ট, রায়হানা সুলতানা, ফারোহা সোহরাওয়ার্দী, মো. ইকবাল মাহমুদ এবং এ. কিউ. এম. মুশফিক হাসান।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোযানা রশীদ উপস্থিত ছিলেন।
বৈঠকে, আগামী ১৭ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহযোগিতায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একটি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আলোচনা হয়।
এছাড়া মার্কিন বিশেষজ্ঞদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও পাবলিক লেকচার আয়োজনের বিষয়েও মতবিনিময় করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাংবিধানিক আইন বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুঘল আমলের মুসা খান মসজিদ পুনরুদ্ধার ও সংরক্ষণ প্রকল্প গ্রহণে মার্কিন দূতাবাসের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঐতিহাসিক স্থাপনা ও ঐতিহ্য সংরক্ষণেও ভবিষ্যতে আরও প্রকল্প গ্রহণে মার্কিন প্রতিনিধিদলের সহযোগিতা কামনা করেন তিনি।
এজেডআর/জেআই
