ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) একাডেমিক মাইগ্রেশনের রোডম্যাপ প্রকাশ করা হবে ২৭ আগস্ট।
রোববার (২৩ আগস্ট) রাতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো: শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়েছে, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তরের বিষয়ে শিক্ষার্থীদের মতামত পর্যালোচনা করে ২৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট সকল পক্ষ একাডেমিক মাইগ্রেশনের স্থানান্তরের বিষয়ে একমত পোষণ করেছেন।'
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 'প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) এর মধ্যে একাডেমিক মাইগ্রেশনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে।'
জানা যায়, রাজধানীর সরকারি সাত কলেজের একাডেমিক মাইগ্রেশনের সভায় শিক্ষামন্ত্রী আ.ন.ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন ও শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ-পর্যায়ের প্রতিনিধিবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসন এবং সংযুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানায়, সাত কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে মাইগ্রেশনের সিদ্ধান্তের মধ্য দিয়ে শিক্ষার্থীদের একাডেমিক মানোন্নয়নে বর্তমান সরকারের সর্বোচ্চ গুরুত্ব প্রদানের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী, অধ্যক্ষ, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
এমওএইচ/এমটিআই
