বিজ্ঞাপন

ইবিতে চা দোকানিকে ছুরিকাঘাতের চেষ্টার সেই অভিযোগ আপোষে মিমাংসা

ইবিতে চা দোকানিকে ছুরিকাঘাতের চেষ্টার সেই অভিযোগ আপোষে মিমাংসা

বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক চা দোকানিকে হুমকি ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শাহেদ বিশ্বাসের বিরুদ্ধে। এ ঘটনায় ওই দোকনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিলে উভয় পক্ষকে নিয়ে ঘটনা আপোষে মীমাংসা করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) প্রক্টর ড. শাহীনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি সংলগ্ন চা দোকানি জসীম শেখের কাছে সিগারেট কিনতে আসেন শাহেদ বিশ্বাস। শাহেদ সিগারেট নিয়ে টাকা না দিয়েই চলে যেতে চাইলে জসীম তার পূর্বের পওনা টাকাসহ পরিশোধ করতে বলেন। এতে শাহেদ জসীমের ওপর চড়াও হয়ে তাকে হুমকি-ধামকি এবং ছুরিকাঘাতের চেষ্টা করেন বলে অভিযোগ করে জসীম। পরে এ ঘটনায় ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের কাছে লিখিত অভিযোগ দেয়। পরে অভিযোগের ভিত্তিতে প্রক্টর উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসে ঘটনা মীমাংসা করেন। একইসঙ্গে অভিযুক্তের অভিভাবকদের ক্যাম্পাসে আসতে বলা হয়।

ভুক্তভোগী জসীম বলেন, প্রক্টরিয়াল বডি বিষয়টি সমাধান করেছে। আমি ঐ শিক্ষার্থীকে ক্ষমা করে দিয়েছি।

অভিযুক্ত শাহেদ বলেন, আমি মুচলেকা দিয়েছি, বিষয়টি সমাধান হয়েছে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আমরা দোকানদার এবং ওই শিক্ষার্থী ও তার বিভাগের সভাপতিসহ মিটিংয়ে বসছিলাম। দোকানদারের কাছে ওই শিক্ষার্থী ক্ষমা চেয়েছে। সে তাকে মাফ করে দিয়েছে। এছাড়া আমরা আগামীকাল তার বাবা-মাকে আসতে বলেছি। তাকে নিয়ে তার পরিবারের সঙ্গে বসব।

মাওয়াজুর রহমান/এমটিআই

বিজ্ঞাপন