বিজ্ঞাপন

ইমেরিটাস অধ্যাপক আনোয়ারউল্লাহ

‘যে শিক্ষক শিক্ষার্থীদের মঙ্গল দেখেন না, তিনি ভালো শিক্ষক হতে পারেন না’

‘যে শিক্ষক শিক্ষার্থীদের মঙ্গল দেখেন না, তিনি ভালো শিক্ষক হতে পারেন না’

শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করা একজন শিক্ষকের অন্যতম প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, শিক্ষার্থীদের সমস্যা ও সংকটে পাশে দাঁড়ানো, বন্ধুর মতো আচরণ করা এবং তাদের কাছ থেকেও শেখার মানসিকতা একজন শিক্ষককে প্রকৃত অর্থে ভালো শিক্ষক হিসেবে গড়ে তোলে। যে শিক্ষক শিক্ষার্থীদের মঙ্গল দেখেন না, তিনি ভালো শিক্ষক হতে পারেন না।

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব কর্মকাণ্ড শিক্ষার্থীদের কেন্দ্র করেই পরিচালিত হয়। তাই শিক্ষার্থীদের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। তারা বিপদে পড়লে শিক্ষকদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকেও শেখার মানসিকতা শিক্ষকদের থাকতে হবে।

শিক্ষকতা শুধু চাকরি নয়, এটি জীবনব্যাপী সাধনার বিষয় উল্লেখ করে তিনি বলেন, আনুষ্ঠানিক প্রশিক্ষণের পাশাপাশি একজন শিক্ষককে সারা জীবন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হয়। জ্ঞানের জগৎ সীমাহীন। তাই নিয়মিত পড়াশোনা ও জ্ঞানচর্চার মাধ্যমে শিক্ষকদের নিজেদের সমৃদ্ধ করে যেতে হবে।

উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার গুরুত্ব তুলে ধরে আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, বিশ্বের জ্ঞানভান্ডারের বড় একটি অংশ ইংরেজি ভাষায় রচিত। নতুন জ্ঞান অর্জন এবং তা অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে হলে একজন শিক্ষককে বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায়ও দক্ষ হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমান।

আরএইচটি/জেডএস

বিজ্ঞাপন