শিক্ষা, গবেষণা, ভাষা শিক্ষা ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চীনের ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়।
সোমবার (২৪ আগস্ট) চীনের ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ঝাং ইয়ানমেইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাষা শিক্ষা, অ্যাকাডেমিক ও গবেষণা সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ ডিগ্রি কর্মসূচিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।
সাক্ষাতে ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ঝাং ইয়ানমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করছে। সেখানে ইংরেজি, বার্মিজ ও বাংলা ভাষা বিষয়ে শিক্ষা কার্যক্রম রয়েছে। বাংলা ভাষার কার্যক্রমটি সম্প্রতি চালু হয়েছে এবং চলতি বছর এতে ১৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
অধ্যাপক ঝাং ইয়ানমেই বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভাষা শিক্ষা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, যৌথ ডিগ্রি এবং বিভিন্ন অ্যাকাডেমিক ও গবেষণা প্রকল্পে সহযোগিতার সুযোগ রয়েছে। কৃষি, প্রকৌশল, নতুন মিডিয়া ও ডিজিটাল প্রযুক্তি, শিল্পকলা এবং অন্যান্য আন্তঃবিষয়ক ক্ষেত্রেও দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করতে পারে।
তিনি আরও জানান, ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে বিশেষায়িত স্নাতক কর্মসূচি রয়েছে। এসব অ্যাকাডেমিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব।
সাক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল, কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই, ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের ডিন ইউ লংফেং, ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ড এক্সচেঞ্জের পরিচালক হুয়াং জিয়েজং, স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডেপুটি পার্টি ব্রাঞ্চ সেক্রেটারি চেন ইংহং এবং অ্যাকাডেমিক অ্যাফেয়ার্সের ডেপুটি ডিরেক্টর লি জিয়ানবো উপস্থিত ছিলেন।
সাক্ষাতে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলকে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শিক্ষা ও গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পারে।
উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং দেশের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, ১৯২১ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ১০৫ বছর অতিক্রম করেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১০টি অনুষদ ও ৮৪টি বিভাগ রয়েছে। আন্তর্জাতিক র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও উন্নত করতে শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, যৌথ ডিগ্রি ও অন্যান্য অ্যাকাডেমিক কার্যক্রম চালু রয়েছে। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও একাধিক সহযোগিতামূলক কার্যক্রম রয়েছে। এসব কার্যক্রম আরও সম্প্রসারণের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, আধুনিক বিশ্বে ভাষা শিক্ষা দক্ষ মানবসম্পদ উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা, কোরিয়ান, জাপানি ও জার্মানসহ বিভিন্ন ভাষা শেখানো হচ্ছে। বিশেষ করে চীনা ভাষা ও সংস্কৃতি বিষয়ে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এজেডআর/এসএএস
