বিজ্ঞাপন

শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতে ১০ বাস পাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতে ১০ বাস পাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক-শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা জসিম উদ্দিন ফাউন্ডেশন। 

সোমবার (২৪ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ফাউন্ডেশনের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, ১০টি বাসের মধ্যে দুটি শিক্ষকদের, চারটি ছাত্রদের এবং চারটি ছাত্রীদের যাতায়াতের জন্য ব্যবহার করা হবে।

চুক্তিতে জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রবাসী ব্যবসায়ী মো. জসিম উদ্দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া।

চুক্তি স্বাক্ষরের সময় চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, পরিবহন দপ্তরের প্রশাসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ফাউন্ডেশনের সঙ্গে চবি প্রশাসনের আলোচনায় ছয়টি নতুন বাস দেওয়ার কথা ছিল। সোমবারের বৈঠকে ফাউন্ডেশনের চেয়ারম্যান আরও চারটি বাস দেওয়ার ঘোষণা দেন। এতে মোট ১০টি নতুন বাস দেওয়ার সিদ্ধান্ত হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন দুর্ভোগ লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ১০টি বাস যুক্ত হলে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে আশা করছি।

চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান জসিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগকে জনকল্যাণমুখী ও শিক্ষাবান্ধব হিসেবে উল্লেখ করে সাধুবাদ জানান। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এ ধরনের সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

উপাচার্য বলেন, আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক ও স্মরণীয় দিন। আমি ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এমআর/জেডএস