গবেষণা ক্ষেত্রে অসামান্য অবদান এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমানতা বাড়ানোর স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের ৫৯ জন শিক্ষক ও গবেষককে সম্মাননা দেওয়া হচ্ছে।
গুগল স্কলার প্রোফাইলে ২ হাজার বা তার বেশি উদ্ধৃতি পাওয়া এই শিক্ষক ও গবেষকদের আগামী বৃহস্পতিবার সম্মাননা দেওয়া হবে। ওই দিন বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউট ও সেন্টারের পরিচালক, প্রক্টর এবং সম্মাননা পাওয়া শিক্ষক ও গবেষকেরা উপস্থিত থাকবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গবেষকদের গবেষণাকর্মের আন্তর্জাতিক প্রভাব ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে গুগল স্কলারে পাওয়া উদ্ধৃতির সংখ্যা বিবেচনা করা হয়েছে। ২ হাজার বা তার বেশি উদ্ধৃতি পাওয়া ৫৯ জন শিক্ষক ও গবেষককে এই সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের আন্তর্জাতিক পর্যায়ে গবেষণাকর্মের প্রভাব ও দৃশ্যমানতা তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে গবেষণায় আরও উৎসাহিত করতেই এ সম্মাননার আয়োজন করা হচ্ছে।
এজেডআর/এনএফ
