জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বিশেষ বৃত্তি নীতিমালা-২০২৫’-এর আওতায় মনোনীত হয়েও বৃত্তির টাকা পাননি— এমন শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের তথ্য জমার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, যে সব শিক্ষার্থী বিশেষ বৃত্তির জন্য ইতঃপূর্বে অনলাইনে ব্যাংকসংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত করেননি এবং বিশেষ বৃত্তির টাকা পাননি শুধু তারাই ব্যাংক তথ্য জমা দেবেন। বিশ্ববিদ্যালয়ের বৃত্তি বিষয়ক ওয়েবসাইটে (https://scholarship.jnu.ac.bd) লগইন করে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। আগামী ২৬ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট থেকে ৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে ব্যাংক হিসাবের তথ্য পূরণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে তথ্য আপলোডে কোনো প্রকার সমস্যা হলে ব্যাংক স্টেটমেন্টের কপি নিয়ে আইসিটি সেলে যোগাযোগ করবেন এবং এই বিজ্ঞপ্তি চূড়ান্ত বিজ্ঞপ্তি হিসেবে গণ্য হবে। পরবর্তী সময়ে এ সংক্রান্ত আর কোনো তথ্য নেওয়া হবে না।
প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীর নিজের নাম ও ব্যাংক হিসাবে থাকা নাম একই হতে হবে। ব্যাংক হিসাব নম্বর ১৩ থেকে ১৭ ডিজিটের হবে এবং হিসাব নম্বরে কোনো স্পেস বা ড্যাশ ব্যবহার করা যাবে না। একই সঙ্গে ব্যাংকের নয় সংখ্যার রাউটিং নম্বর এবং ব্যাংক ও শাখার নাম সঠিকভাবে দিতে হবে। ব্যাংক হিসাবটি সচল থাকা বাধ্যতামূলক।
প্রসঙ্গত, গত ১১ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে বিশেষ বৃত্তির অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ১২৪ জন শিক্ষার্থীকে এককালীন ৯ হাজার টাকা করে বৃত্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
তবে বৃত্তি বিতরণ কার্যক্রম শুরুর পরও আবেদনকৃত সব শিক্ষার্থীর কাছে অর্থ পৌঁছায়নি। গত জুলাইয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ৮ হাজার ৩০২ জন শিক্ষার্থীর ব্যাংক হিসাবে বৃত্তির অর্থ পাঠানো সম্ভব হলেও ১ হাজার ৮২২ জন শিক্ষার্থী ব্যাংক হিসাব ও তথ্যগত জটিলতার কারণে অর্থ পাননি। পরবর্তী সময়ে এসব জটিলতা নিরসন করে শিক্ষার্থীদের ব্যাংক হিসাব সংশোধনের সুযোগ দেওয়া হলেও বৃত্তি বিতরণ কার্যক্রম এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি।
এ অবস্থায় অবশিষ্ট শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে বৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ফের ব্যাংক হিসাব তথ্য হালনাগাদের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসএএস
