পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ইশকে মোস্তফা’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় ছাত্রশক্তি।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ডাচে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সিলসিলা ব্যান্ডের লুৎফর রেহমান ও নাজমুস সাকিব ছাড়াও দেলোয়ার ও সাইফুল্লাহ একক নাত ও সংগীত পরিবেশন করেন। এ সময় ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’, ‘তাজদারে হারাম’, ‘নবী মোর পরশমণি’, ‘দে দে পাল তুলে দে’সহ বিভিন্ন ইসলামি সংগীত পরিবেশন করা হয়।
জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমীদ আল মুদাসসীর চৌধুরী বলেন, ‘গ্রামবাংলার ইতিহাস গলা ছেড়ে হামদ-নাত ও মিলাদের ইতিহাস। আমরা গ্রামবাংলার সংস্কৃতিকে ধারণ করি। জাতীয় ছাত্রশক্তি সমাজে হামদ-নাত ও মিলাদের ইতিহাস আবার ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত।
নির্ধারিত সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই অনুষ্ঠান শেষে দাঁড়িয়ে মিলাদ পাঠ এবং সবার মাঝে হালুয়া-রুটি বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
এজেডআর/বিআরইউ
