ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্ব স্ব কলেজে ভর্তি কার্যক্রম নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে শুরু হয়েছে। ভর্তি হতে বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার পাশাপাশি কলেজ থেকে অতিরিক্ত এসএসসির প্রশংসাপত্র চাওয়ায় ভোগান্তিতে পড়েছেন নবীন শিক্ষার্থীরা।
এছাড়াও একই বিশ্ববিদ্যালয়ের অধীনে সাতটি কলেজের প্রতিটি কলেজে ভিন্ন ভিন্ন কয়েকটি অতিরিক্ত কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা দিতে দেখা গেছে। এতে বিভ্রান্ত হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তি হতে আসা নবীন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাত কলেজের ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ ও বাঙলা কলেজে ভর্তি হতে আসা শিক্ষার্থীরা এসব অভিযোগ জানান।
সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে চট্টগ্রাম থেকে ঢাকা কলেজে ভর্তি হতে আসা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজাউল করিম বলেন, বিভাগ থেকে কিছু জমা নিচ্ছে, কিছু পরে নেবে বলতেছে। আর কলেজ থেকে ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি দিয়েছে দেরিতে। সেন্ট্রাল ইউনিভার্সিটি যেসব কাগজপত্রের কথা বলেছিল সেগুলো ছাড়াও কলেজ থেকে এসএসসির প্রত্যয়নপত্র কথা বলছে। আগে থেকে এমন নির্দেশনা না থাকাই ভোগান্তিতে পড়তে হচ্ছে। এখন বুঝতে পারছি না কী করবো।
সাতক্ষীরা থেকে ঢাকা কলেজে ভর্তি হতে আসা নবীন শিক্ষার্থী মাহমুদুল বলেন, ভর্তি কার্যক্রম পুরোপুরি এখনো শুরু হয় নাই। কখন থেকে শুরু হবে এ বিষয়ে বিভাগ কিছু বলে নাই।
ভর্তি বিলম্ব ও জটিলতার বিষয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছে জানতে চাইলে তিনি ব্যস্ত আছেন জানিয়ে পরে কথা বলবেন বলে জানান।
এদিকে তিতুমীর কলেজে ভর্তি কার্যক্রম শুরু না হওয়ার অভিযোগ তুলেছেন ভর্তি হতে আসা শিক্ষার্থীরা। খোঁজ নিয়ে জানা গেছে, বেশিরভাগ বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হয়নি।
তবে, এ বিষয়ে তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ বলেন, ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। কোনো সমস্যা নাই। বিভাগে ভর্তি কার্যক্রম দেরি হবে না। কাগজ-কলম জোগাড় করতে হবে, কাজ চলছে।
অন্যদিকে, ইডেন মহিলা কলেজে বেলা ১১টার পর থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে ভর্তি হওয়া ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছে বলে কলেজটির একাধিক শিক্ষার্থী নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ইডেন মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহনাজ পারভীন বলেন, আলহামদুলিল্লাহ। নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে কোনো অসুবিধা নাই। সব ঠিকঠাকমতো হচ্ছে। শিক্ষার্থীদের ভালোই সাড়া পাচ্ছি। আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। অনেক অভিভাবকরা দূরদূরান্ত থেকে আসছে। তারা কোথায় বসবে, কোথায় অপেক্ষা করবে এ বিষয়ে সার্বিক খোঁজ খবর নিচ্ছি।
ভর্তি কার্যক্রম বিলম্বের বিষয়ে তিনি বলেন, অন্যান্য কলেজে এমন হতে পারে। তবে ইডেন কলেজে ভর্তি কার্যক্রম বিলম্ব হয়নি। সকাল থেকে সবকিছু সমন্বয় করে ভর্তি কার্যক্রম চলছে।
সার্বিক বিষয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এমওএইচ/জেআই
