বিজ্ঞাপন

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে রোববার থেকে শাটডাউন কর্মসূচি

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে রোববার থেকে শাটডাউন কর্মসূচি

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রোববার (৩০ আগস্ট) থেকে শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন কলেজের একদল শিক্ষার্থী। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় কলেজের অডিটোরিয়ামের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র কাঠামো দেওয়ার দাবিতে দীর্ঘদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি তৎকালীন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নিয়ে সাত দিনের মধ্যে তা বাস্তবায়নের আশ্বাস দেন। ওই আশ্বাসের পর শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। তবে পরবর্তী সময়ে দাবিগুলো বাস্তবায়ন না করে তিতুমীর কলেজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধিভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, ২০০৫ সালে জগন্নাথ ও তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তখন তিতুমীরকে বাদ দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে পারলে তিতুমীর কলেজ কেন বিশ্ববিদ্যালয় হতে পারবে না—এমন প্রশ্নও তোলেন তারা।

ডিসিইউয়ের কাঠামোতে সংযুক্ত না করার দাবি জানিয়ে তারা বলেন, স্বতন্ত্র তিতুমীর কলেজের দাবিতে আগামী ৩০ আগস্ট থেকে কলেজে সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করা হবে। তবে প্রশাসনিক কার্যক্রমের সুবিধার্থে এবং জরুরি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও জরুরি দায়িত্বে থাকা ব্যক্তিদের অবাধ চলাচলের সুযোগ রাখা হবে।

এর আগে, গত ১৯ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ডিসিইউতে মাইগ্রেশন না করে ঢাবির অধীনেই অনার্স শেষ করার দাবিতে গুলশান-মহাখালী সড়ক অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী। 

এমওএইচ/আরএফ