সাত কলেজের শিক্ষার্থীদের নির্বিঘ্নে, সময়ানুগভাবে ও যথাযথ প্রক্রিয়ায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সংশ্লিষ্ট অ্যাকাডেমিক প্রোগ্রামে স্থানান্তর নিশ্চিত করতে এবং অ্যাকাডেমিক একাডেমিক ও পরীক্ষা কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালনার লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে ডিসিইউ এর অধীনে ফাইনাল পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে ডিসিইউ ভিসি অধ্যাপক ড. নুরুল ইসলামের নির্দেশক্রমে রেজিস্টার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক স্মারকে এ রোডম্যাপ প্রকাশ করা হয়।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ডিসিইউতে সাত কলেজের প্রায় ৫৫ হাজার শিক্ষার্থীর অ্যাকাডেমিক মাইগ্রেশনে দশটি প্রক্রিয়া ও ধাপ নির্ধারণ করা হয়।
রোডম্যাপ অনুযায়ী, অ্যাকাডেমিক মাইগ্রেশন সম্পন্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। স্থানান্তর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও সংযুক্ত কলেজগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে স্থানান্তর বাস্তবায়ন কমিটি গঠন করা হবে।
এরপর, আগামী ৩১ আগস্টের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তালিকা, অ্যাকাডেমিক ও পরীক্ষার ফলাফল সংক্রান্ত রেকর্ড (হার্ডকপি ও সফটকপি) মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসনের নিকট হস্তান্তর করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লিখিত ৩টি শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য সিলেবাস, কোর্স রেগুলেশন/অ্যাকাডেমিক অর্ডিন্যান্স এবং পরীক্ষা রেগুলেশন (হার্ডকপি ও সফটকপি) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসনের নিকট হস্তান্তর করবে।
রোডম্যাপে উল্লেখ করা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃক অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনা ও পরীক্ষা গ্রহণ প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদানের জন্য সংযুক্ত কলেজসমূহে সংশ্লিষ্ট অভিজ্ঞ শিক্ষক-কর্মকর্তাদের সমন্বয়ে হেল্পডেস্ক স্থাপন করা হবে। অ্যাকাডেমিক অ্যাকাডেমিক ও পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা বুলেট পয়েন্ট আকারে সন্নিবেশিত থাকবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনিক কার্যালয়েও অ্যাকাডেমিক ও পরীক্ষাসংক্রান্ত বিষয়ে পৃথক হেল্পডেস্ক চালু করা হবে।
রোডম্যাপে ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অনার্স ফাইনাল পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে অক্টোবরের ২য় সপ্তাহে। ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা যথাক্রমে জানুয়ারির ১ম সপ্তাহ, ২০২৭ ও চলতি বছরের অক্টোবরের ২য় সপ্তাহে অনুষ্ঠিত হবে।
রোডম্যাপে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ৪র্থ বর্ষ পরীক্ষার টার্মপেপার মূল্যায়ন প্রক্রিয়া সংশ্লিষ্ট কলেজের স্ব স্ব বিভাগের মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।
এছাড়া, রোডম্যাপে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও সংযুক্ত কলেজগুলোর প্রতিনিধি সমন্বয়ে গঠিত যৌথ স্থানান্তর বাস্তবায়ন কমিটি এই রোডম্যাপ বাস্তবায়নের জন্য সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। স্থানান্তর প্রক্রিয়া সংক্রান্ত যেকোনো বিষয়ে তথ্য জানার জন্য শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে স্থানান্তর বাস্তবায়ন কমিটির প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারবে। স্থানান্তর প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে আরো কোনো কার্যক্রম বা বিহিতব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসন তদনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
এমওএইচ/বিআরইউ
