জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে ১৪ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
বৃহস্পতিবার( ২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার( ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী অধ্যাপক পদে দুজন এবং প্রভাষক পদে ১২ জন নিয়োগ দেওয়া হবে। সহকারী অধ্যাপক পদে সমাজকর্ম বিভাগে একজন এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে একজন নিয়োগ পাবেন। এ পদের বেতন স্কেল ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা।
এ ছাড়া প্রভাষক পদে মোট ১২ জন নিয়োগ দেওয়া হবে।
এর মধ্যে সংগীত বিভাগ, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, ও নাট্যকলা বিভাগে দুজন করে মোট ৬ জন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ , ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ, প্রিন্ট মেকিং বিভাগ, ও ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগে একজন করে মোট ৬ জন নিয়োগ দেওয়া হবে। প্রভাষক পদের বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফলাফল ও অন্যান্য যোগ্যতা পূরণ করতে হবে। কিছু পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে নির্ধারিত ফলাফল এবং গবেষণা/প্রকাশনার অভিজ্ঞতাকেও যোগ্যতার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে (www.job.jnu.ac.bd) অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ৬০০ টাকা, যা নগদ বা রকেটের মাধ্যমে পরিশোধ করা যাবে। অনলাইনে আবেদন শেষে আবেদনপত্রের প্রিন্ট কপিসহ প্রয়োজনীয় কাগজপত্রের আট সেট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে সরাসরি, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান অনুসরণ করা হবে। কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী পদসংখ্যা কমানো বা বাড়ানোর ক্ষমতা সংরক্ষণ করে।
বিআরইউ/বিআরইউ
