বিজ্ঞাপন

আন্তর্জাতিক সংস্থায় ক্যারিয়ার গড়তে ঢাবি শিক্ষার্থীদের নিয়ে ডাকসুর আয়োজন

আন্তর্জাতিক সংস্থায় ক্যারিয়ার গড়তে ঢাবি শিক্ষার্থীদের নিয়ে ডাকসুর আয়োজন

আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন প্রতিষ্ঠান, মানবিক সহায়তা সংস্থা ও বৈশ্বিক নীতি-প্রতিষ্ঠানে কাজের সুযোগ দিন দিন বাড়ছে। তবে এসব প্রতিযোগিতামূলক কর্ম পরিসরে প্রবেশের জন্য শুধু অ্যাকাডেমিক ডিগ্রি যথেষ্ট নয়; প্রয়োজন আন্তর্জাতিক মানের দক্ষতা, বাস্তব অভিজ্ঞতা, পেশাগত প্রস্তুতি ও সঠিক দিকনির্দেশনা। এই বাস্তবতাকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ‘গ্লোবাল ক্যারিয়ার অপরচুনিটিজ : শেপিং দ্য ফিউচার উইথ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস’ শীর্ষক বিশেষ আয়োজন করেছে।

শনিবার (২৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা, আন্তর্জাতিক সংস্থাগুলোর কাজের ধরন, নিয়োগ প্রক্রিয়া, প্রয়োজনীয় দক্ষতা এবং শিক্ষাজীবন থেকেই বৈশ্বিক কর্ম পরিসরের জন্য প্রস্তুতি নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আয়োজনে জাতিসংঘ, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা, উন্নয়ন ও মানবিক সহায়তা খাতসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার সম্ভাব্য পথ নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ ও দিকনির্দেশনা দেন এফবিএইচআরও-এর সভাপতি এবং আইসিডিডিআর,বির এইচআর উপদেষ্টা ড. মো. মোশাররফ হোসাইন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের হেড অব পিপল অ্যান্ড কালচার কাজী রিজওয়ানা রহমান এবং অক্সফামের পিপল, কালচার অ্যান্ড অর্গানাইজেশন ডেভেলপমেন্টের হেড ইসরাত শায়লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সভাপতিত্ব করেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম ও ডাকসুর কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির। অনুষ্ঠান সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য মো. তাজিনুর রহমান।

আলোচনায় অভিজ্ঞ পেশাজীবীরা আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রবেশের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নিয়োগদাতাদের প্রত্যাশা এবং শিক্ষাজীবন থেকেই নিজেকে একজন ‘গ্লোবাল প্রফেশনাল’ হিসেবে গড়ে তোলার বিভিন্ন কৌশল তুলে ধরেন। তাদের বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা থেকে শিক্ষার্থীরা আন্তর্জাতিক কর্ম পরিসরে প্রবেশের প্রস্তুতি সম্পর্কে ধারণা লাভ করেন।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক ক্যারিয়ারকে শিক্ষার্থীদের কাছে দূরের কোনো সম্ভাবনা হিসেবে নয়, বরং বাস্তব ও অনুসরণযোগ্য একটি ক্যারিয়ার পথ হিসেবে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। শুধু চাকরিপ্রার্থী নয়, দেশের জ্ঞান, অভিজ্ঞতা ও সক্ষমতাকে সঙ্গে নিয়ে বিশ্বপরিসরে প্রতিযোগিতা, কাজ ও নেতৃত্ব দেওয়ার মতো তরুণ পেশাজীবী তৈরি করতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়। ডাকসুর এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে কাজের সুযোগ, প্রয়োজনীয় দক্ষতা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।  

এজেডআর/এসএএস