বিজ্ঞাপন

ঢাবিতে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম জোরদারে ৭ সদস্যের কমিটি

ঢাবিতে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম জোরদারে ৭ সদস্যের কমিটি

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তৃতীয় ভাষা শিক্ষার কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে আধুনিক ভাষা ইনস্টিটিউটের সক্ষমতা যাচাই ও প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 

রোববার (৩০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আধুনিক ভাষা ইনস্টিটিউটের তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদেদ্দী আলফেছানী এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভায় চীনা, জাপানি, কোরিয়ান, আরবি, ফরাসি ও ইংরেজিসহ বিভিন্ন ভাষা শেখানোর ক্ষেত্রে আধুনিক ভাষা ইনস্টিটিউটের বর্তমান সক্ষমতা পর্যালোচনা করা হয়। একই সঙ্গে তৃতীয় ভাষা শিক্ষার বর্তমান কার্যক্রম আধুনিকায়ন, প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন এবং দেশে এ বিষয়ে দক্ষ জনবল তৈরির বিষয়েও আলোচনা হয়।

সভায় তৃতীয় ভাষা শিক্ষা প্রদানে আধুনিক ভাষা ইনস্টিটিউটের সক্ষমতা যাচাই এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য অধ্যাপক ড. আ ক ম ওয়ালিউল ইসলামকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজারে বাংলাদেশের মানুষের চাহিদা বাড়াতে ভাষাগত দক্ষতা অর্জন জরুরি। এ কারণে তৃতীয় ভাষা শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় আধুনিক ভাষা ইনস্টিটিউটের তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে হবে। পাশাপাশি স্বল্পমেয়াদি ও সার্টিফিকেট কোর্স সম্প্রসারণের ওপরও গুরুত্ব দিতে হবে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিতে আগ্রহী তরুণদের তৃতীয় ভাষায় দক্ষ করে তুলতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি।  

এজেডআর/এনএফ