বিজ্ঞাপন

নোবিপ্রবির ৩য় সমাবর্তন ২৪ জানুয়ারি, প্রধান অতিথি রাষ্ট্রপতি

নোবিপ্রবির ৩য় সমাবর্তন ২৪ জানুয়ারি, প্রধান অতিথি রাষ্ট্রপতি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তন আগামী ২৪ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় তিনি রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

এ সময় উপাচার্য নোবিপ্রবির শিক্ষা, গবেষণা ও সামগ্রিক অগ্রগতির বিভিন্ন বিষয় রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন। দেশের উচ্চশিক্ষা ও গবেষণার বিকাশে বিশ্ববিদ্যালয়ের অবদান, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন তিনি।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য নোবিপ্রবির ৩য় সমাবর্তনে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করে সদয় সম্মতি জ্ঞাপন করেন।

রাষ্ট্রপতির এ সম্মতিতে নোবিপ্রবি পরিবার আনন্দিত বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতির উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তনকে আরও তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় করে তুলবে।

এএমকে

বিজ্ঞাপন