বিজ্ঞাপন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান, ফলজ বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ওডোমস বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউটের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. নুরুল ইসলাম, অধ্যাপক ড. রবিউল ইসলাম এবং অধ্যাপক ড. হাফিজ উদ্দিন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

কর্মসূচির শুরুতে ইনস্টিটিউট প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরে অংশগ্রহণকারীরা ক্যাম্পাসে ফলজ বৃক্ষরোপণ করেন। একই সঙ্গে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক লিফলেট এবং মশা প্রতিরোধে ব্যবহৃত ওডোমস বিতরণ করা হয়।

কর্মসূচির বিষয়ে ছাত্রদল নেতা তারিক বলেন, রাজনীতি কেবল সভা-সমাবেশ বা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের কল্যাণে কাজ করার মধ্যেও রাজনীতির প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে। পরিচ্ছন্ন পরিবেশ, সবুজায়ন এবং ডেঙ্গু প্রতিরোধ এখন জাতীয় প্রয়োজন। তরুণ প্রজন্মকে এসব বিষয়ে সম্পৃক্ত করতে পারলে সমাজ আরও সচেতন ও দায়িত্বশীল হবে। ছাত্রদল সবসময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনায় বিশ্বাস করে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহবুবা সুলতানা বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়, এটি সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলারও একটি গুরুত্বপূর্ণ জায়গা। শিক্ষার্থীরা যখন সমাজের বাস্তব সমস্যা নিয়ে কাজ করে, তখন তারা কেবল নিজেদের নয়, পুরো সমাজের জন্য ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে।

তিনি বলেন, বর্তমানে ডেঙ্গু দেশের অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। একইভাবে পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখার সংস্কৃতি গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে হবে। ছাত্রদল নেতা তারিকের এই উদ্যোগ সেই সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

বিশেষ অতিথি অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম বলেন, সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং পরিচ্ছন্নতা, এই তিনটি বিষয়ই বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রনেতাদের এমন অংশগ্রহণ অবশ্যই প্রশংসার দাবি রাখে।
 
এজেডআর/এনএফ