বিজ্ঞাপন

এআইইউবিতে এআর ও ইন্টারঅ্যাকটিভ গল্প বলা নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত

এআইইউবিতে এআর ও ইন্টারঅ্যাকটিভ গল্প বলা নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) শিক্ষার্থীদের অ্যানিমেশন, অগমেন্টেড রিয়েলিটি (এআর), ডিজিটাল শিল্প ও ইন্টারঅ্যাকটিভ গল্প বলা নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অ্যানিমেশন ট্র্যাকের উদ্যোগে ‘বিয়ন্ড দ্য ফ্রেম : স্টোরিজ ইন অগমেন্টেড রিয়েলিটি’ শীর্ষক এ প্রদর্শনীতে অ্যানিমেশন ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সৃজনশীল কাজ স্থান পেয়েছে। 

গত ২৩ আগস্ট এআইইউবি ক্যাম্পাসে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে শিক্ষার্থীদের তৈরি অগমেন্টেড রিয়েলিটি-ভিত্তিক বিভিন্ন অভিজ্ঞতা, অ্যানিমেশন, ডিজিটাল শিল্পকর্ম ও ইন্টারঅ্যাকটিভ গল্প বলার নানা আয়োজন তুলে ধরা হয়।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইংলেট। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান। এ সময় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. কারমেন জেড. লামাগনা, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইংলেট সৃজনশীল শিল্পের ক্রমবর্ধমান গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ব অ্যানিমেশন শিল্পে ফিলিপাইনের উল্লেখযোগ্য অবদান রয়েছে। বিশেষ করে ডিজিটাল ও ইন্টারঅ্যাকটিভ গণমাধ্যমের ক্ষেত্রে দেশটি একটি গুরুত্বপূর্ণ অ্যানিমেশনকেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে ভবিষ্যতে আরও সৃজনশীল উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ তৈরি করবে।

এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. হাসানুল এ. হাসান বলেন, পরিবর্তনশীল বিশ্বে শিক্ষার্থীদের নতুন ও উদীয়মান বিষয় সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ দিতে হবে। এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক উপাচার্য ড. কারমেন জেড. লামাগনা অ্যানিমেশন শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, এআইইউবি অ্যানিমেশনকেন্দ্রিক একটি নতুন অ্যাকাডেমিক বিভাগ চালুর উদ্যোগ নিচ্ছে।

অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রভাষক রানি এলেন ভি. রামোস। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে প্রদর্শনী আয়োজনের সঙ্গে যুক্ত শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এআইইউবির প্রক্টর, রেজিস্ট্রার, সহযোগী ডিন, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তারা, উপদেষ্টা, আমন্ত্রিত অতিথি, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা।

আরএফ