বিজ্ঞাপন

জবির মেডিকেল সেন্টারে নতুন ল্যাব উদ্বোধন

জবির মেডিকেল সেন্টারে নতুন ল্যাব উদ্বোধন

শিক্ষার্থীদের উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিকেল সেন্টারে নতুন আধুনিক ল্যাব উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নেতারা যৌথভাবে ল্যাবটির উদ্বোধন করেন।

এ সময় ভবিষ্যতে মেডিকেল সেন্টারে আই সেন্টার ও ডেন্টাল সেন্টার চালুর ঘোষণা দেন উপাচার্য।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, পরিবহন প্রশাসক, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। 

উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, এটা আসলে একটা আনন্দের উপলক্ষ। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে সবাই গর্ব করি। তবে আমাদের অনেক কিছুই নেই, এই বাস্তবতা আমাদের স্বীকার করতেই হবে। একটি ২১ বছরের বিশ্ববিদ্যালয় দুজন ডাক্তার দিয়ে চলে। যে অবস্থায় চলে, এটা হতে পারে না।

তিনি বলেন, আমরা অনেক কিছুই শূন্য থেকে শুরু করতে যাচ্ছি। জকসু যে কাজটি করেছে, এটা আমাদের সবার জন্য ধারণ করার মতো বিষয়। তারা ল্যাব টেস্টের জন্য অনেকগুলো মেশিন এবং একটি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছে। মেশিনগুলো আমরা ইতোমধ্যে পেয়েছি। জকসু আমাদের যা এনে দিয়েছে, আমাদের নাই-এর মধ্যে এই প্রাপ্তিটুকু অনেক। 

উপাচার্য বলেন, মেডিকেল সেন্টারের সক্ষমতা ও চিকিৎসাসেবার পরিধি আরও বাড়ানো হবে। এর অংশ হিসেবে ভবিষ্যতে সেখানে আই সেন্টার ও ডেন্টাল সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হবে।

জকসু ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম মেডিকেল সেন্টারে চিকিৎসক ও টেকনিশিয়ান নিয়োগের উদ্যোগ নেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মেডিকেল সেন্টারটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় ছিল। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমানে দুজন চিকিৎসক ও তিনজন নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত চক্ষু ও দাঁতের চিকিৎসাসেবাও চালু হবে বলে আশা করছি।

জকসু জিএস আব্দুল আলিম আরিফ বলেন, নতুন ল্যাবে প্রায় ১৩ ধরনের ইকুইপমেন্ট রয়েছে। এর মাধ্যমে মেডিকেল সেন্টারে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ তৈরি হয়েছে। 

নতুন ল্যাব ও প্রয়োজনীয় জনবল যুক্ত হওয়ার মাধ্যমে মেডিকেল সেন্টারের দীর্ঘদিনের সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জকসু সূত্রে জানা যায়, মেডিকেল সেন্টারের ল্যাবরেটরিতে বিভিন্ন রোগ নির্ণয় ও পরীক্ষার জন্য ১৩টি আধুনিক চিকিৎসা ও পরীক্ষাগার সরঞ্জাম যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাইনোকুলার মাইক্রোস্কোপ, বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার, ইউরিন অ্যানালাইজার, হেমাটোলজি অ্যানালাইজার, গামা আরএফআইডি রিডার অ্যাসেম্বলি, হরমোন অ্যানালাইজার ও ইএসআর অ্যানালাইজার। 

এছাড়া ৮-হোল সেন্ট্রিফিউজ মেশিন, রোলার মিক্সচার, ডিজিটাল ইউরিন রোটেটর এবং বিভিন্ন পরিমাপের তিনটি মাইক্রোপিপেট যুক্ত করা হয়েছে।

/এমএসএ